
পুরান ঢাকার নবাবকাটারার নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের দিনটিকে জাতীয়ভাবে ‘নিমতলী ট্র্যাজেডি দিবস’ ঘোষণার দাবি জানিয়েছেন রাজনীতিবিদ ও পরিবেশকর্মীসহ সমাজের বিশিষ্টজনেরা। নিমতলীর ছাতা মসজিদ চত্বরে গতকাল সোমবার সকালে মানববন্ধন ও সমাবেশে সরকারের প্রতি এ আহ্বান জানান তাঁরা।
অগ্নিকাণ্ডের দিনটি সামনে রেখে সিটিজেনস রাইটস মুভমেন্ট ও গ্রিন ক্লাব অব বাংলাদেশসহ (জিসিবি) ছয়টি সংগঠন এ মানববন্ধন ও সমাবেশ কর্মসূচির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন পরিবেশসম্মত বাসযোগ্য ঢাকা বাস্তবায়ন পরিষদের সদস্যসচিব হাজী মোহাম্মদ শহীদ।
২০১০ সালের ৩ জুন নিমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২৪ জন মারা যান। একটি ভবনেই বিয়ের অনুষ্ঠানের অতিথিসহ ৪১ জন মারা যান। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী বিয়ের অনুষ্ঠানের রান্নার আগুন একটি ভবনের নিচতলার রাসায়নিক গুদামে লেগে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে।
গতকালের সমাবেশে গণতন্ত্রী পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য নুরুর রহমান বলেন, অগ্নিকাণ্ডে নারী-শিশুসহ ১২৪ জনের মর্মান্তিক মৃত্যুর পরও পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে রাসায়নিক পদার্থের গুদাম ও কারখানাগুলো স্থানান্তর না হওয়া দুঃখজনক। তিনি অবিলম্বে অনাবাসিক এলাকায় বিকল্প রাসায়নিক পল্লি স্থাপনের দাবি জানান।
প্রকৌশলী ম. ইনামুল হক বলেন, আবাসিক এলাকা থেকে রাসায়নিকের ব্যবসা স্থানান্তরের আগ পর্যন্ত সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে এসব প্রতিষ্ঠানে শ্রেণিভেদে ‘লাল’ ও ‘হলুদ’ সতর্কসংকেত ব্যবহার বাধ্যতামূলক করতে হবে।
সিটিজেনস রাইটস মুভমেন্টের মহাসচিব তুষার রেহমান বলেন, দুর্ঘটনায় শতাধিক লোকের প্রাণহানি ঘটলেও তাঁদের স্বজনদের এখনো পুনর্বাসন করা হয়নি। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মারা যাওয়া প্রত্যেক ব্যক্তির পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গ্রিন ক্লাব অব বাংলাদেশের সাধারণ সম্পাদক আশীষ কুমার দে, সাবেক সাংসদ তাসনীম রানা, সিপিবি নেতা সেকেন্দার হায়াত, আওয়ামী লীগ নেতা নুরজাহান বেগম, পরিবেশকর্মী ইফমা হুসেইন, মোহাম্মদ নাজিম, আইএফপির চেয়ারম্যান আরিফুর রহমান প্রমুখ।
আয়োজক সংগঠনগুলো হচ্ছে নবাবকাটারা সমাজকল্যাণ সংগঠন, নবাবকাটারা পঞ্চায়েত কমিটি, পরিবেশসম্মত বাসযোগ্য ঢাকা বাস্তবায়ন পরিষদ ও ইনিশিয়েটিভ ফর পিস (আইএফপি)।
এদিকে নিমতলী ট্র্যাজেডির পাঁচ বছর পার হওয়ার পরও পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে রাসায়নিক দাহ্য পদার্থের দোকান ও গুদাম সরানো হয়নি। উল্টো দুর্ঘটনাস্থলে নির্মিত ভবনে রাসায়নিকের ব্যবসা চলছে বলে জানা গেছে। রাসায়নিকের দোকান ও গুদাম অপসারণে সরকারি উদ্যোগ বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় ব্যক্তিরা ক্ষোভ ও আতঙ্কের কথা জানিয়েছেন।