নিমতলীতে আবার আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৩ জুন রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পুরান ঢাকার নিমতলীতে গতকাল বুধবার বিকেলে আবারও একটি প্লাস্টিকসামগ্রী তৈরির কারখানায় আগুন লেগেছিল। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে নিমতলীর ৩২৪, কায়েতটুলির একটি প্লাস্টিকের সামগ্রী তৈরির কারখানার বৈদ্যুতিক সুইচবোর্ডে আগুন ধরে যায়। এ সময় ধোঁয়া বের হতে দেখে এলাকাবাসীর মধ্যে ‘আতঙ্ক’ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শত শত মানুষ বাসাবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই স্থানীয় কারখানার কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। প্লাস্টিকের কারখানার কর্মী আবু সাঈদ সাংবাদিকদের জানান, কারখানার লাগোয়া বৈদ্যুতিক ট্রান্সফরমারে মাঝেমধ্যে বিস্ফোরণ ঘটলেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। গতকাল ওই ট্রান্সফরমারটি বিস্ফোরণের পরই কারখানার বৈদ্যুতিক সুইচবোর্ডে আগুন ধরে গেলে তাঁরা তা দ্রুত নিভিয়ে ফেলেন। আগুনে শুধু বৈদ্যুতিক ট্রান্সফরমারটি পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গত ৩ জুন নিমতলীতে রাসায়নিক দ্রব্যের একটি গুদাম থেকে সৃষ্ট আগুনে ১২৪ জনের মৃত্যু হয়। এ ঘটনায় দেড় শতাধিক নারী, পুরুষ ও শিশু দগ্ধ হয়।