নিমতলীতে এখনো পোড়া গন্ধ সাতজনের অবস্থা সংকটাপন্ন
পুরান ঢাকার নিমতলীর নবাব কাটরায় এখনো পোড়া গন্ধ। এই গন্ধ রোধে ঢাকা সিটি করপোরেশন গতকাল শনিবারও সেখানে ব্লিচিং পাউডার ছিটিয়েছে। এদিকে স্মরণকালের ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ব্যক্তিদের মধ্যে সাতজনের অবস্থা এখনো সংকটাপন্ন।গতকাল সিটি করপোরেশন নবাব কাটরায় পুড়ে যাওয়া বাড়ি, সড়কের দুই পাশের দোকান ও নালায় কয়েক বস্তা ব্লিচিং পাউডার ছিটিয়েছে। সেখানে গত ছয় দিন ধরে ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে। এর পরও পুড়ে যাওয়া বাড়ি-ঘর ও নালা থেকে উত্কট গন্ধ বের হচ্ছে। এতে ওই এলাকায় থাকা লোকজন দুর্ভোগ পোহাচ্ছে। গতকালও বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে খাবার বিতরণ করা হয়।স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ মোহন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তার জন্য শরীর চর্চা কেন্দ্রের পাশে অস্থায়ী কার্যালয় স্থাপন করেছেন। এই কার্যালয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকাও করা হচ্ছে। এদিকে নবাব কাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরও বিভিন্ন সহায়তা দেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দা ইকবাল হোসেন বলেন, সারাক্ষণ লেগে থাকা পোড়া গন্ধে তাঁরা ভোগান্তিতে পড়েছেন। ঢাকা সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক বিপন কুমার সাহা প্রথম আলোকে বলেন, প্রতিদিন ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে। নিমতলীর বর্জ্য ব্যবস্থাপনায় আরও জোর দেওয়া হচ্ছে। সাতজনের অবস্থা সংকটাপন্ন: নবাব কাটরায় অগ্নিকাণ্ডে দগ্ধ ব্যক্তিদের মধ্যে সাতজনের অবস্থা সংকটাপন্ন। তাঁদের মধ্যে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ছয়জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে একজন রয়েছেন। এ ছাড়া এই দুই হাসপাতালে চিকিত্সাধীন অপর ২৪ জনের অবস্থার উন্নতি হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের অধ্যাপক শহীদুল বারী প্রথম আলোকে বলেন, ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা একজন বাদে বাকি ২০ জনের অবস্থার উন্নতি হয়েছে। ইতিমধ্যে দুই-তিনজন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। তাঁদের দুই-এক দিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে। রাতে যোগাযোগ করা হলে সিএমএইচের বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিত্সক জানান, এই ইউনিটে চিকিত্সাধীন ছয়জনের অবস্থা সংকটজনক। এই হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে থাকা চারজনের অবস্থার উন্নতি হচ্ছে।