নিমতলীতে দগ্ধ আরও একজনের মৃত্যু
নিমতলীর আগুনে দগ্ধ আরও একজন গতকাল শুক্রবার সকালে মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১২১। এখনো আগুনে আহত ৩১ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিত্সাধীন রয়েছেন।এদিকে গতকাল জুমার নামাজের মোনাজাতের পর নিমতলী ও হোসেনি দালান এলাকার মসজিদগুলোতে ছিল কান্নার রোল। আগুনে নিহত স্বজনদের আত্মার শান্তির জন্য আবেগাপ্লুত হয়ে প্রার্থনা করেছেন এলাকাবাসী। আজিমপুর গোরস্তান ও হোসেনি দালানের শিয়া কবরস্থানেও কবর জিয়ারত করতে গিয়েছিলেন অনেক স্বজনহারা।পুরান ঢাকার মসজিদগুলোতে জুমার নামাজের খুতবায় বসতবাড়িতে রাসায়নিকের গুদাম ও কারখানা না করার জন্য বিশেষভাবে আহ্বান জানান ইমামরা। ৬৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোহন প্রথম আলোকে জানান, আবাসিক ভবনে রাসায়নিকের গুদাম ও কারখানা করার ঝুঁকি সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন মসজিদের ইমামদের অনুরোধ করা হয়েছিল। তিনি জানান, এলাকায় রাসায়নিকের গুদাম ও কারখানা থাকলে সে সম্পর্কে তথ্য দেওয়ার জন্য বাসিন্দাদের অনুরোধ জানানো হয়েছে। তথ্য পাওয়া গেলে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।আরও একজনের মৃত্যু: সিএমএইচের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিত্সাধীন অবস্থায় গতকাল সকালে মাহমুদা বেবীর (৩৫) মৃত্যু হয়। তাঁর বাসা ৪৪/১ নবাব কাটরা। আগুনে এর আগেই মাহমুদার ভাই মো. তাজও মারা যান। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক সামন্তলাল সেন প্রথম আলোকে জানান, দু-একজন বাদে সিএমএইচে চিকিত্সাধীন সবার অবস্থাই সংকটাপন্ন। তবে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে থাকা ২১ জনের অবস্থাই উন্নতির দিকে। গতকাল সামন্তলাল সেন সিএমএইচে অগ্নিদগ্ধ ব্যক্তিদের চিকিত্সার তদারক করতে যান। তিনি জানান, ওই হাসপাতালে পোড়া রোগীদের সুষ্ঠু ও যথাযথ চিকিত্সা হচ্ছে। খুবই আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইউনিটের আইসিইউতে দুজন ও সিএমএইচের আইসিইউতে একজন চিকিত্সাধীন।