নিমতলীর অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজন মারা গেছেন
পুরান ঢাকার নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ লিপি আরা বেগম (৩০) নামের এক নারী চিকিৎসাধীন অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছেন। এ নিয়ে এই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা দাঁড়াল ১২১ জনে।হাসপাতাল সূত্র জানায়, গতকাল দুপুর দুইটার দিকে সিএমএইচের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় লিপি আরা বেগম মারা যান। তাঁর শরীরের ৪০ শতাংশ আগুনে দগ্ধ হয়েছিল। গত জুন নিমতলীতে অগ্নিকাণ্ডে দগ্ধ ১৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। এদের মধ্যে সিএমএইচে থাকা দুজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন একজনের অবস্থা সংকটাপন্ন। বাকিরা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানান।বার্ন ইউনিটের অধ্যাপক মো. শহিদুল বারী প্রথম আলোকে বলেন, বার্ন ইউনিটে চিকিৎসাধীন আটজনের মধ্যে দুজন নারী, দুজন শিশু ও চারজন পুরুষ রয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থার উন্নতি হওয়ায় আজ বুধবার তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।