নিমন্ত্রণ খাওয়ালে সমাজে তোলা হবে!
মেয়ে ভালোবেসে অন্য গোত্রের (দাস) ছেলেকে বিয়ে করায় এবং বিয়ের কথা গ্রামের লোকজনকে না জানানোর কারণে গ্রামের হিন্দু মাতবরেরা এক বিধবা নারী ও তাঁর কিশোর ছেলেকে এক বছর ধরে একঘরে করে রেখেছেন। শুধু তা-ই নয়, ওই বিধবার জামাতার সঙ্গে কথা বলায় আরেকটি পরিবারকে একঘরে করে রাখা হয়েছে আট মাস ধরে। ঘটনাটি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সদর ইউনিয়নের দিঘিপাড়া গ্রামের। মাতবরেরা শর্ত দিয়েছেন, এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে ওই বিধবাকে গ্রামের হিন্দু ধর্মাবলম্বী লোকজনকে নিমন্ত্রণ করে একবেলা খাওয়াতে হবে।এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১০ ফাল্গুন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ধুন্দার গ্রামের মনেন্দ্রনাথ দাসের ছেলে পীযূষ কুমার দাসের সঙ্গে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দিঘিপাড়া গ্রামের বিধবা কৃষ্ণা রানীর মেয়ে শম্পা রানী দেবনাথের প্রেমের বিয়ে হয়। এ বিয়েতে পাত্র ও পাত্রীর গোত্র মিল না থাকার অভিযোগ এনে বিধবা কৃষ্ণা রানীকে ওই দিন থেকে গ্রামের হিন্দু ধর্মাবলম্বী মাতবরেরা একঘরে করে রাখেন। গ্রামের কোনো অনুষ্ঠানে তাঁকে দাওয়াত দেওয়া হয় না। তাঁর বাড়িতে কেউ আসেন না। কান্নাজড়িতকণ্ঠে বিধবা জানান, এ অবস্থায় এক সন্তানসহ আমি খুবই কষ্টে আছি।পাশের বাড়ির কালীদাশের মা আদরি রানী বলেন, ‘কৃষ্ণার নতুন জামাইয়ের সঙ্গে হামার ছেলে কথাবার্তা বলার কারণে হামাকও আট মাস ধরে একঘরে করে রেখেছে।’ কৃষ্ণা রানী বলেন, স্বামীহারা সংসারে নিজের খাবারই ঠিকমতো জোটে না। মাতবরদের শর্ত অনুযায়ী পুরো গ্রামের হিন্দু ধর্মাবলম্বী সবাইকে খাওয়াতে ৩০-৪০ হাজার টাকা খরচ হবে। এ শর্ত পালন করা আমার পক্ষে সম্ভব নয়। তিনি বলেন, গ্রামের মাতবর অরুণ কুমার দাস, কৃষ্ণপদ দেবনাথ, সুনীল দেবনাথসহ কয়েকজনের কাছে এ ব্যাপারে ধরনা দিয়েও কোনো লাভ হয়নি। মূলত তাঁরাই তাঁকে একঘরে করে রেখেছেন বলে তিনি জানান।পীযূষ কুমার দাস বলেন, ‘আমার শাশুড়িকে যারা একঘরে করে রেখেছে, তারা অন্যায় করেছে।’গ্রামের মাতবর কৃষ্ণপদ, সুনীল দেবনাথ একঘরের বিষয়টি প্রত্যাহারে একবেলা খাওয়ানোর শর্ত আরোপের কথা স্বীকার করে বলেন, ‘এটা পুরো সমাজের ব্যাপার, আমাদের দু-একজনের সিদ্ধান্তে কিছু করা যাবে না।’ ইউনিয়নের চেয়ারম্যান নূরুল ইসলাম চৌধুরী বলেন, ‘হিন্দুধর্মের অনেক নিয়মকানুন আছে। তাই এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করিনি।’