নিমেষে বিষাদ ছড়াল গাড়াদহ গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে পারিবারিক একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার উদ্দেশ্যে ফজরের আজানের আগে সেজেগুজে বাড়ি থেকে বের হয়েছিলেন পরিবারটির সদস্যরা। কিন্তু সে যাত্রা চোখের নিমেষে পরিণত হলো বিষাদে। আর সে বিষাদ ছড়িয়ে পড়ল পুরো গাড়াদহ গ্রামে।
গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরের গাড়াদহ গ্রামের কাছে ট্যাংকলরি ও নছিমনের সংঘর্ষে দুর্ঘটনায় নয়জনের মৃত্যু হয়। এর মধ্যে আটজনই এই পরিবারের। দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের উদ্ধার করে সবাইকে হাসপাতালে পাঠানো পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা লেগে যায়। এরই মধ্যে খবর পেয়ে গ্রাম থেকে ছুটে আসেন নিহত ব্যক্তিদের স্বজনেরা।
দুর্ঘটনাস্থলে মায়ের লাশের ওপর আছড়ে পড়ে তারা মিয়া প্রলাপ বকছিলেন, ‘মা, তুমি যেতে চেয়েছিলে না, সবার অনুরোধে তুমি যেতে রাজি হলে, কিন্তু এখন তোমার লাশ পেলাম।’ তখনো তিনি জানেন না, ইতিমধ্যে হাসপাতালে পাঠানো তাঁর স্ত্রী রেবেকা খাতুন ওরফে রেনু হাসপাতালে লাশ হয়ে পড়ে আছেন।
কিছুক্ষণ পর শান্ত হলে তারা মিয়া জানান, তাঁর ছোট ভাই হেলাল গাজীপুরে একটি পোশাক কারখানায় কাজ করেন। তাঁর একমাত্র সন্তান বিজয়ের সুন্নতে খতনার দাওয়াতে পরিবারের ছয় ভাইয়ের মধ্যে পাঁচ ভাইয়ের ছেলে, মেয়েসহ অন্যান্য সদস্য মিলে ২২ জন ভোর পাঁচটার দিকে বড়মহারাজপুর গ্রামের বাড়ি থেকে নছিমনযোগে রওনা হন। উদ্দেশ্য ছিল উল্লাপাড়া রেলস্টেশন থেকে লোকাল ট্রেনে চড়ে গাজীপুর যাবেন।
প্রত্যক্ষদর্শী গাড়াদহ গ্রামের মির্জা মিয়া জানান, দুর্ঘটনার পর শিশুসন্তান খোকাবাবুকে বাঁচানোর জন্য বুকে জাপটে ধরে রেখেছিলেন তার মা অঞ্জনা খাতুন। নয় মাসের আরেক শিশু রিয়াকে বাঁচাতে তার মা ফিরোজা বেগম কোল থেকে পাশের একটি খড়ের গাদার ওপর ছুড়ে ফেলে দিয়েছিলেন। তিনি বলেন, শিশুরা বাঁচলেও মায়েরা বাঁচেনি।
বিকেলে নয়টি লাশ বড়মহারাজপুর গ্রামে পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরিবারের অন্য সদস্যদের কারও স্বামীর শোকে স্ত্রী, স্ত্রীর শোকে স্বামী, সন্তানের শোকে বাবা-মা বাকশক্তি হারিয়ে লাশের দিকে চেয়ে নিথর হয়ে বসে থাকেন। মাগরিবের নামাজ শেষে সবাইকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।