নিম্ন আদালত এলাকা সিসি ক্যামেরার আওতায় আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে গতকাল ক্যামেরা বসান এক ব্যক্তি l প্রথম আলো
ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে গতকাল ক্যামেরা বসান এক ব্যক্তি l প্রথম আলো

বদলে গেছে ঢাকার নিম্ন আদালতের নিরাপত্তাব্যবস্থা। চলতি সপ্তাহের মধ্যে পুরো নিম্ন আদালত এলাকা সিসি টিভি ক্যামেরার আওতায় আসছে। আদালত চত্বরে পুলিশ বাহিনীর সদস্যদের পাশাপাশি ঢাকা আইনজীবী সমিতির নিজস্ব নিরাপত্তারক্ষীরাও কাজ করছেন। ইতিমধ্যে আদালত এলাকার ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সাইদুর রহমান মানিক প্রথম আলোকে বলেন, ঢাকা আইনজীবী সমিতির ভবনে ১১টি সিসি টিভি ক্যামেরা লাগানো হয়েছে। আদালত এলাকার নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ছয়জন নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছে। আইনজীবীদের ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল রাখার জন্য নির্দিষ্ট জায়গা চিহ্নিত করা হয়েছে। সমিতির নিরাপত্তারক্ষীরা আদালত এলাকায় সার্বক্ষণিক কাজ করছেন।

আদালত সূত্র নিশ্চিত করেছে, ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে বর্তমানে ১৯টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আছে ছয়টি ক্যামেরা। তুলনামূলকভাবে ঢাকার মহানগর দায়রা জজ এবং ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে (সিজিএম) সিসি ক্যামেরার সংখ্যা কম। তিনটি সিসি ক্যামেরা আছে সেখানে। এমন পরিস্থিতিতে ঢাকার মহানগর দায়রা জজ আদালতসহ পুরো নিম্ন আদালত এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান প্রথম আলোকে বলেন, চলতি সপ্তাহের মধ্যে পুরো নিম্ন আদালত এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। ইতিমধ্যে ঢাকার আদালত এলাকায় নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, পুলিশ বাহিনীর সদস্যদের পাশাপাশি আইনজীবী সমিতির নিরাপত্তারক্ষীরা জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজ আদালত এলাকায় কাজ করছেন। আইনজীবীদের গাড়ি ছাড়া বাইরের কোনো গাড়ি আদালত এলাকার ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। ব্যক্তিগত গাড়ি ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের দক্ষিণ পাশে রাখার ব্যবস্থা করা হয়েছে। সারিবদ্ধভাবে সেখানে গাড়ি রাখা হচ্ছে। আর মোটরসাইকেল রাখার জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পশ্চিম পাশে জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আইনজীবী সমিতির নিরাপত্তারক্ষী তাজুল ইসলাম বলেন, গত ১৫ জুলাই থেকে আদালত এলাকায় তিনিসহ আইনজীবী সমিতির ছয়জন নিরাপত্তারক্ষী দায়িত্ব পালন করছেন।