নিম্ন আদালতে বিচারক নিয়োগে ধীরগতি

ফল প্রকাশের পর যাচাইয়ে সময় বেশি লাগছে। মামলাজট তৈরি হওয়ার অন্যতম কারণ নতুন বিচারক নিয়োগে দীর্ঘসূত্রতা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলী ইমাম মজুমদার, সাবেক মন্ত্রিপরিষদ সচিব
ফাইল ছবি

কয়েক ধাপের পরীক্ষা শেষে গত ডিসেম্বরে সহকারী জজ হিসেবে নিয়োগের সুপারিশপ্রাপ্ত হয়েছেন উম্মে কুলসুম (ছদ্মনাম)। কিন্তু আট মাসেও চাকরিতে যোগ দিতে পারেননি। গত সপ্তাহে বাবাকে হারিয়েছেন কুলসুম। ‘কৃষক বাবার স্বপ্ন ছিল, মেয়ে বিচারক হবে। কিন্তু নিয়োগে দীর্ঘসূত্রতায় বাবা তা দেখে যেতে পারলেন না’—আক্ষেপ করে বলছিলেন কুলসুম।

কুলসুমের মতো আরও ৯৯ জন বিচারক হিসেবে নিয়োগ পাওয়ার অপেক্ষায় আছেন। তাঁদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর ২২ মাস পেরিয়েছে। গত ১২ ডিসেম্বর চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। কিন্তু পুলিশি যাচাই প্রতিবেদন এবং অন্যান্য প্রক্রিয়ায় সময় বেশি লাগায় চাকরিতে যোগ দিতে পারছেন না সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা।

চূড়ান্ত ফল প্রকাশের পর যাচাইয়ের নামে সময় নষ্ট করা অনৈতিক। ভারতে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই নিয়োগ দেওয়া হয়, প্রতিবেদনে নেতিবাচক কিছু পেলে পরে বাদ দেওয়া হয়।
আলী ইমাম মজুমদার, সাবেক মন্ত্রিপরিষদ সচিব

আইন ও বিচার বিভাগের তথ্যমতে, গত বছর দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর আগে নিম্ন আদালতে বিচারাধীন মামলা ছিল প্রায় ৩২ লাখ। করোনা পরিস্থিতির কারণে মামলার নিষ্পত্তি হচ্ছে কম। দেশের নিম্ন আদালতে বর্তমানে ১ হাজার ৮০০ জনের মতো বিচারক রয়েছেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন প্রেষণে আছেন। নিম্ন আদালতের প্রত্যেক বিচারকের অধীনে শুনানি ও বিচারের জন্য গড়ে ২ হাজারের বেশি মামলা রয়েছে।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি), নিম্ন আদালত-সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা বলছেন, নিম্ন আদালতে মামলাজট তৈরি হওয়ার অন্যতম কারণ নতুন বিচারক নিয়োগে দীর্ঘসূত্রতা। সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা দ্রুত চাকরিতে যোগ দিতে পারলে এ জট কমত।

সহকারী জজ নিয়োগের সব প্রক্রিয়া চূড়ান্ত করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি)। বিচার বিভাগ পৃথক হওয়ার
পর ২০০৭ সালে এই কমিশন গঠিত হয়। সহকারী জজ নিয়োগ পরীক্ষা সংক্ষেপে ‘বিজেএস’ নামেই পরিচিত।

নতুন সহকারী জজ নিয়োগের ধারাবাহিকতায় ২০১৯ সালের অক্টোবরে ১৩তম বিজেএসের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। ওই বছরের নভেম্বরে প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা হয় ২০১৯ সালের ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ছিল ২০২০ সালের ১৯ মার্চ। দেশের করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়।

করোনা সংক্রমণ কিছুটা কমে আসার পর গত বছরের ৯ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে ফল প্রকাশ করা হয় গত বছরের ১২ ডিসেম্বর। তাতে ১০০ জনের নিয়োগ চূড়ান্ত করা হয়। বর্তমানে এসব প্রার্থীর যাচাই কার্যক্রম চলছে।

নিয়োগপ্রক্রিয়ার এই দীর্ঘসূত্রতায় হতাশ ও ক্ষুব্ধ প্রার্থীরা। ১৩তম বিজেএসের সুপারিশপ্রাপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বলেন, ‘যাচাই-বাছাই শেষে প্রতিবেদন দিতে এত সময় লাগার কথা নয়। নিয়োগ পেতে দেরি হওয়ায় নানা ধরনের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।’

বিজেএসসি সূত্রে জানা যায়, প্রথম চারটি বিজেএসের চূড়ান্ত ফল প্রকাশের মাত্র দুই থেকে চার মাসের মধ্যে পুলিশি যাচাই প্রতিবেদনের কাজ শেষ হয়েছিল। ফলে তখন নিয়োগপ্রক্রিয়া শেষ করতে সময় লেগেছিল কম। কিন্তু এরপর থেকে প্রতিটি বিজেএসের নিয়োগ শেষ করতে ক্রমশ সময় বাড়ছে। সর্বশেষ ১২তম বিজেএসে চূড়ান্ত ফলাফল প্রকাশের পর যাচাই-বাছাইয়ে ১৩ মাস সময় লাগে। এর আগের কয়েকটি বিজেএসের পুলিশি যাচাইয়ে সময় লাগে ১১ থেকে ১৪ মাস।

জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব সৈয়দ জাহেদ মনসুর প্রথম আলোকে বলেন, কমিশন চাহিদা অনুযায়ী প্রার্থী চূড়ান্ত করে সুপারিশ পাঠায়। এরপরের সব প্রক্রিয়া মন্ত্রণালয় থেকে করা হয়। সেখানে কমিশনের কিছু করার থাকে না।

নিম্ন আদালতের মামলাজট ও বিচারকের সংকট নিয়ে জাতীয় সংসদের সর্বশেষ বাজেট অধিবেশনে ক্ষোভ প্রকাশ করেন সাংসদেরা। ৩০ জুন সংসদে আলোচনায় দ্রুত বিচারক নিয়োগ দিয়ে এই জট কমানোর দাবি জানিয়ে বক্তব্য দেন জাতীয় পার্টির সাংসদ শামীম হায়দার পাটোয়ারী ও পীর ফজলুর রহমান।

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন–১) বিকাশ কুমার সাহা প্রথম আলোকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যাচাই প্রতিবেদন পাওয়া যায়নি। স্বরাষ্ট্রসচিবকে দ্রুত যাচাই প্রতিবেদন দিতে অনুরোধ করা হয়েছে। প্রতিবেদন পাওয়ামাত্রই নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, করোনার কারণে সব কাজ একটু ধীরগতিতে চলছে। আগামী এক মাসের মধ্যেই তাঁদের নিয়োগ দেওয়া সম্ভব হবে।

পরের বিজেএসের গতি আরও ধীর

নিম্ন আদালতে মামলাজট কমাতে ২০১৫ সালে সরকারকে ২ হাজার ৪০০ জন বিচারক নিয়োগের সুপারিশ করেছিল আইন কমিশন। ২০১৫ সাল থেকে প্রতিবছর নিয়মিত বিচারক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকার। কিন্তু ১৩তম বিজেএসের পরীক্ষা শেষ করতে সময় বেশি লাগায় এবং করোনা পরিস্থিতির কারণে ২০২০ সালে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

গত জানুয়ারিতে ১৪তম বিজেএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অন্যান্য সময় বিজ্ঞপ্তি প্রকাশের এক থেকে দেড় মাসের মধ্যে প্রাথমিক বাছাই পরীক্ষা হয়ে যায়। কিন্তু এবার ছয় মাসেও তা হয়নি।

সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের যাচাই-বাছাইয়ে এক থেকে দুই মাসের বেশি সময় লাগা উচিত নয় বলে মনে করেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। তিনি প্রথম আলোকে বলেন, চূড়ান্ত ফল প্রকাশের পর যাচাইয়ের নামে সময় নষ্ট করা অনৈতিক। ভারতে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই নিয়োগ দেওয়া হয়, প্রতিবেদনে নেতিবাচক কিছু পেলে পরে বাদ দেওয়া হয়।