নিম্ন আদালতে মৃত্যুদণ্ড, হাইকোর্টে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাসিড নিক্ষেপের ঘটনায় করা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। নিম্ন আদালত ওই আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন। মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ (ডেথ রেফারেন্স) এবং জেল আপিলের ওপর শুনানি শেষে গতকাল মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি ইমদাদুল হক আজাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মাহমুদুল আহসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। অমিত তালুকদার প্রথম আলোকে বলেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য অ্যাটর্নি জেনারেলের মতামত নেওয়া হবে। তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

আদালত সূত্র জানায়, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ২০০১ সালের ২৮ এপ্রিল ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সিরাইল এলাকায় এক মেয়েকে একরামুল হক নামের এক যুবক অ্যাসিড নিক্ষেপ করেন। এতে ওই মেয়ের ডান কানের শ্রবণশক্তি নষ্টসহ মুখ ও শরীরের বিভিন্ন স্থান ঝলসে বিকৃত হয়ে যায়। ওই ঘটনায় মেয়ের বাবা ১ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একরামুল ও তার সহযোগী মিজানুর রহমানের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা করেন। ২০০৮ সালের ৪ মে বিচারিক আদালত রায় দেন।