নিম্ন আদালতে সহায়ক কর্মচারী নিয়োগে ছাড়পত্র লাগবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে দেশের নিম্ন আদালতগুলোতে সহায়ক কর্মচারীর শূন্যপদ পূরণের আগে আইন বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছাড়পত্র নেওয়ার দরকার হবে না। এ-সংক্রান্ত আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন গতকাল মঙ্গলবার খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ।

মামলার বিবরণে জানা যায়, কিশোরগঞ্জের জেলা জজ আদালতে পাঁচজন কর্মচারী নিয়োগের সাত মাস পর ২০০৭ সালের ২৪ জুলাই আইন মন্ত্রণালয়ের নির্দেশে তা বাতিল করা হয়। পরে এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন মো. আবুল কালাম আজাদসহ ওই পাঁচ কর্মচারী। হাইকোর্ট ওই নিয়োগ বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেন।

পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে আইন মন্ত্রণালয়। গত বছরের ১৫ ডিসেম্বর শুনানি শেষে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। পরে আপিল বিভাগের এই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করে মন্ত্রণালয়। গতকাল আপিল বিভাগ তা খারিজ করে দেন। ফলে নিম্ন আদালতগুলোতে সহায়ক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে এখন থেকে আর মন্ত্রণালয়ের পূর্বানুমতি বা ছাড়পত্র নেওয়ার দরকার হবে না।