নিম্ন আদালতে হাজিরা দিলেন সিরাজুল ইসলাম চৌধুরীসহ ২০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগরে আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণকে কেন্দ্র করে সহিংস ঘটনায় দায়ের করা মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে জামিন গ্রহণের পর গতকাল সোমবার নিম্ন আদালতে হাজিরা দিয়েছেন। ওই মামলায় সিরাজুল ইসলাম চৌধুরীসহ ২০ জন মুন্সিগঞ্জে মুখ্য বিচারিক হাকিম মো. মোহিতুল হক এনাম চৌধুরীর আদালতে হাজিরা দেন। গত ১৫ ফেব্রুয়ারি উচ্চ আদালত থেকে সিরাজুল ইসলাম চৌধুরীসহ মামলার অন্য আসামিরা জামিন গ্রহণ করেন। উচ্চ আদালত তাদের চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। এ ছাড়া আদালত আসামিদের পুলিশের প্রতিবেদন দেওয়া পর্যন্ত তাঁদের হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন। জামিন প্রদানের চার মাসের মধ্যে আসামিদের নিম্ন আদালতে হাজির হতে বলা হয়।আদালত সূত্রে জানা যায়, গতকাল সোমবার বেলা ১১টার দিকে ওই ২০ জন মুন্সিগঞ্জে মুখ্য বিচারিক আদালতে হাজির হন। তাঁদের পক্ষে ছিলেন সালাউদ্দিন খান স্বপন ও মুজিবুর রহমানসহ ডজন খানেক আইনজীবী।আদালত থেকে বের হয়ে সিরাজুল ইসলাম চৌধুরী এ প্রতিবেদককে জানান, ‘উচ্চ আদালত নিম্ন আদালতে হাজির হতে বলেন। তাই আজ আমরা নিম্ন আদালতে হাজির হলাম।’ তিনি বলেন, ‘আসলে আমরা আড়িয়ল গ্রামবাসী, আমরা বিলবাসীর সঙ্গে আছি এবং এ-সংক্রান্ত একটি সংবাদ সম্মেলনে আমরা ছিলাম। তাই মনে করছি এই সিরাজুল ইসলাম আমাকেই বলা হয়েছে।’ উল্লেখ্য, শ্রীনগরে আড়িয়ল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণকে কেন্দ্র করে বিলবাসী ও পুলিশের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তাসহ শতাধিক আহত হয়। এই ঘটনায় গত ১৫ জানুয়ারি শ্রীনগর থানায় ১৫৪ জনকে আসামি করে তিনটি মামলা করা হয়।