নিম্ন আদালতের নতুন বেতন কাঠামো চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্ন আদালতের বিচারকদের জন্য নতুন বেতনকাঠামো চূড়ান্ত হয়েছে। সচিবালয়ে গতকাল রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের সুপারিশ বাস্তবায়নে গঠিত মন্ত্রিসভা কমিটির বৈঠকে তা চূড়ান্ত হয়।
অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। নয়জন মন্ত্রীর সমন্বয়ে গঠিত এ কমিটির গতকালের বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ, অর্থসচিব মাহবুব আহমেদ, জনপ্রশাসন সচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকে কী হয়েছে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নিম্ন আদালতের বিচারকদের জন্য নতুন কাঠামো চূড়ান্ত করা হয়েছে। জুডিশিয়াল সার্ভিস কমিশনের সুপারিশ কম-বেশি মানা হয়েছে।
বিচারকদের জন্য যে ৩০ শতাংশ ভাতা দেওয়া হয় বর্তমানে, নতুন কাঠামোতেও তা থাকছে কিনা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, তাও থাকছে। এটা বরং ফিক্সড করে দেওয়া হচ্ছে।
বৈঠক সূত্রে জানা গেছে, নতুন কাঠামো অনুযায়ী সহকারী জজদের বেতন হবে বর্তমানের ১৬ হাজার থেকে বেড়ে ৩০ হাজার ৯৩৫ টাকা। আর সিনিয়র জেলা ও সেশন জজদের বেতন হবে ৪০ হাজার থেকে বেড়ে ৭৮ হাজার টাকা।
এ ছাড়া সিলেকশন গ্রেডপ্রাপ্ত সহকারী জজদের বেতন হবে বর্তমানের ১৮ হাজার থেকে বেড়ে ৩৪ হাজার ৫৪০ টাকা, সিনিয়র সহকারী জজদের ২৩ হাজার থেকে ৪৪ হাজার ৪৫০ টাকা, যুগ্ম জেলা জজদের ২৮ হাজার থেকে ৫৪ হাজার ৩৭০ টাকা, অতিরিক্ত জেলা ও সেশন জজদের ৩৩ হাজার থেকে ৬১ হাজার ৭৯৫ টাকা এবং জেলা ও সেশন জজদের ৩৬ হাজার থেকে বেড়ে ৭০ হাজার ৯২৫ টাকা।
অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা কমিটির এই সুপারিশ এখন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠেয় মন্ত্রিসভা কমিটিতে যাবে। অর্থ মন্ত্রণালয়ে তা ফিরে এলে তারপর জারি হবে প্রজ্ঞাপন। আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে।
জানা গেছে, গত বছরের এপ্রিলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বাধীন একটি কমিটি ১৬ পৃষ্ঠার নতুন বেতনকাঠামোর প্রতিবেদন দেয়।
নিম্ন আদালতের বিচারকদের জন্য করা নতুন কাঠামোর এ সুপারিশ রাষ্ট্রপতির কার্যালয়ে জমা দেওয়া হয় তখনই। এরপর বিষয়টির কোনো অগ্রগতি হয়নি।
জুডিশিয়াল সার্ভিস কমিশন অবশ্য তখন সহকারী জজদের জন্য সর্বনিম্ন মূল বেতন বর্তমানের ১৬ হাজার থেকে বাড়িয়ে ৩৫ হাজার এবং সিনিয়র জেলা জজদের বেতন ৪০ হাজার থেকে বাড়িয়ে ৮৪ টাকা করার প্রস্তাব করেছিল।
আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশে নিম্ন আদালতের বিচারক রয়েছেন ১ হাজার ৫০০ জন।