
অষ্টম জাতীয় বেতনকাঠামোর সঙ্গে সমন্বয় করে নিম্ন আদালতের বিচারকদের বেতন, ভাতা ও সুযোগ-সুবিধা বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এতে জ্যেষ্ঠ জেলা জজের মূল বেতন ৪০ হাজার টাকা (নির্ধারিত) থেকে বাড়িয়ে ৭৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর ফলে তাঁরা সচিবের সমান বেতন পাবেন।
নিম্ন আদালতের বিচারকেরা চাকরিজীবনের শুরুতে সহকারী জজ পদে মূল বেতন পেতেন ৩০ হাজার ৯২৫ টাকা, যা বেড়ে ৬৪ হাজার ৪৩০ টাকা পর্যন্ত হবে। ২০০৯ সালের বেতন স্কেল অনুযায়ী সহকারী জজেরা ১৬ হাজার টাকা থেকে ২৫ হাজার ৬০০ টাকা মূল বেতন পেতেন।
গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে জুডিশিয়াল সার্ভিস সদস্যদের বেতন-ভাতার বিষয়টি অনুমোদন পায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক সূত্র বলেছে, জনশক্তি রপ্তানির বিষয়ে চুক্তির পরদিনই মালয়েশিয়া বিদেশ থেকে কর্মী নেওয়া স্থগিত করার প্রসঙ্গটি তোলেন একজন মন্ত্রী। জবাবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বলেছেন, মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তাই এ নিয়ে এখন কোনো উদ্যোগ নেওয়া বা মন্তব্য করা ঠিক হবে না।
মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সংবাদ ব্রিফিংয়ে নিম্ন আদালতের বিচারকদের বেতন-ভাতা বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, ২০১৫ সালের ১ জুলাই থেকে এই নতুন বেতন স্কেল কার্যকর হবে। জাতীয় বেতন স্কেলের মতো জুডিশিয়াল সার্ভিসেও ২০ শতাংশ নববর্ষ ভাতা যুক্ত করা হয়েছে। এ ছাড়া তাঁদের অবসর সুবিধা ৮০ শতাংশ থেকে ৯০ শতাংশে উন্নীত করা হয়েছে। আগের তুলনায় আনুপাতিক হারে জুডিশিয়াল সার্ভিস সদস্যদের ভাতা এবং সুযোগ-সুবিধা বেড়েছে বলেও জানান তিনি।
নতুন বেতন স্কেলে জেলা জজদের মূল বেতন হবে ৭০ হাজার ৯২৫ টাকা থেকে ৭৬ হাজার ৩৫০ টাকা। এটা আগে ছিল ৩৬ হাজার থেকে ৩৯ হাজার ৬০০ টাকা। অতিরিক্ত জেলা ও দায়রা জজদের মূল বেতন হবে ৬২ হাজার ৩৫০ থেকে ৭৫ হাজার ৮৮০ টাকা। এটা আগে ছিল ৩২ হাজার থেকে ৩৭ হাজার টাকা। যুগ্ম জেলা ও দায়রা জজদের মূল বেতন হবে ৫৪ হাজার ৩৭০ টাকা থেকে ৭৪ হাজার ৪৬০ টাকা। এটা আগে ছিল ২৮ হাজার থেকে ৩৭ হাজার টাকা।
এ ছাড়া জ্যেষ্ঠ (সিনিয়র) সহকারী জজদের মূল বেতন হবে ৪৪ হাজার ৪৫০ টাকা থেকে ৭২ হাজার ২১০ টাকা। এটা আগে ছিল ২৩ হাজার টাকা থেকে ৩৪ হাজার ২০০ টাকা।
বিচারকদের বিভিন্ন ভাতা বাড়ছে না জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০১৫ সালের ৩০ জুন বিচারকেরা যে ভাতা পেতেন, এখন সেই পরিমাণ ভাতাই পাবেন। অষ্টম বেতনকাঠামোয় সরকারি চাকুরেদেরও ভাতা বাড়ায়নি সরকার।
বৈঠকে পরিবেশের স্বার্থে দেশের পুরোনো ও ঐতিহ্যবাহী গাছ সংরক্ষণে মন্ত্রিসভা ‘বৃক্ষ সংরক্ষণ আইন-২০১৬’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়। এই আইন অনুযায়ী প্রাকৃতিক বনাঞ্চল ছাড়াও সংরক্ষিত এবং পুরোনো বন ও গাছের আবর্তনকাল উত্তীর্ণের পরও সংরক্ষণ করতে হবে। পরীক্ষা-নিরীক্ষা করে আইনটি চূড়ান্ত অনুমোদনের জন্য আবার মন্ত্রিসভায় আনতে হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
বৈঠকে ‘চা আইন ২০১৬’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী সামরিক শাসনামলে জারি করা আইন নতুন করে বাংলায় প্রণয়নের বাধ্যবাধকতা রয়েছে। তাই ১৯৭৭ সালের চা-আইনকে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করে কিছু পরিমার্জন করা হয়েছে।