নিম্ন আদালতের বিচারকের আর্থিক ক্ষমতা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্ন আদালতের বিচারকদের আর্থিক ক্ষমতা বাড়াতে সরকার দেওয়ানি আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। আইন মন্ত্রণালয় আইনটি (সিভিল কোর্টস অ্যাক্ট ১৮৮৭) সংশোধনের প্রস্তাব করে এর খসড়া চূড়ান্ত করেছে।
কয়েক দিনের মধ্যে খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদনের জন্য পাঠানো হবে। এরপর সংসদে উত্থাপন করা হবে। আইন মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
জানতে চাইলে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক প্রথম আলোকে বলেন, আইনটি ১০০ বছরের পুরোনো। সে সময় সম্পত্তি ও জমিজমার দামের ওপর ভিত্তি করে আইনে বলা হয়েছে, যুগ্ম জেলা জজ ছাড়া নিম্ন আদালতের অন্য বিচারকেরা সর্বোচ্চ পাঁচ লাখ টাকার সম্পদের মামলা বিচারের জন্য গ্রহণ করতে পারবেন। এখন ঢাকাসহ সারা দেশে জমির দাম অনেক গুণ বেড়েছে। যে কারণে বেশির ভাগ মামলাই সরাসরি হাইকোর্টে চলে যায়। আইনের সীমাবদ্ধতার কারণে নিম্ন আদালত এসব মামলা বিচারের জন্য গ্রহণ করতে পারেন না। ফলে উচ্চ আদালতে মামলাজট তৈরি হচ্ছে। সে জন্য মন্ত্রণালয় আইনটি সংশোধনের উদ্যোগ নিয়েছে।
বিদ্যমান দেওয়ানি আদালত আইনে বলা আছে, সহকারী জেলা জজ সর্বোচ্চ দুই লাখ, জ্যেষ্ঠ সহকারী জজ চার লাখ এবং জেলা জজ সর্বোচ্চ পাঁচ লাখ টাকা আর্থিক মূল্যের মামলা আমলে নিতে পারবেন।
মন্ত্রণালয় সূত্র জানায়, তারা আইনের ১৯ ও ২১ ধারা সংশোধনের প্রস্তাব করেছে। তাতে বলা হয়েছে, একজন সহকারী জেলা জজ সর্বোচ্চ ১৫ লাখ, জ্যেষ্ঠ সহকারী জজ ২৫ লাখ এবং জেলা জজ সর্বোচ্চ ৫ কোটি টাকা আর্থিক মূল্যের মামলা বিচারের জন্য গ্রহণ করতে পারবেন।
দেওয়ানি আইন অনুযায়ী, যুগ্ম জেলা জজের দেওয়ানি মামলা গ্রহণের ক্ষেত্রে আর্থিক কোনো সীমাবদ্ধতা নেই। আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই আইনের কারণে যুগ্ম জেলা জজ আদালতের দেওয়া কোনো রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির আপিল জেলা জজের আদালত গ্রহণ করতে পারেন না। পাঁচ লাখ টাকার বেশি দামের সম্পত্তির মামলা যুগ্ম জেলা জজের আদালত থেকে হাইকোর্টে চলে যায়। আর হাইকোর্টে মামলার দীর্ঘসূত্রতার কারণে মানুষের ভোগান্তি বেড়ে যায়।
আইনমন্ত্রী বলেন, ‘উচ্চ আদালতে মামলার দীর্ঘসূত্রতার কারণে সাধারণ মানুষের হয়রানি বেড়ে যায়। আমরা চাই এসব মামলা নিম্ন আদালতে নিষ্পত্তি হয়ে যাক। এতে উচ্চ আদালতে মামলার জট কমে আসবে।’