নিম্ন আয়ের নারী ও কিশোরীরা ইন্টারনেট ব্যবহারে উদ্বুদ্ধ হলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন পেশার নারী ও কিশোরীরা মনোযোগ দিয়ে শুনছেন ইন্টারনেট ব্যবহারের নিয়মাবলি। ছবি: সংগৃহীত
বিভিন্ন পেশার নারী ও কিশোরীরা মনোযোগ দিয়ে শুনছেন ইন্টারনেট ব্যবহারের নিয়মাবলি। ছবি: সংগৃহীত

উপস্থিত নারী ও কিশোরীরা সবাই হাত তুলে জানালেন তাঁদের নিজস্ব মুঠোফোন আছে। তবে কারও বাড়িতে কম্পিউটার নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সম্পর্কে জানতে চাইতেই এক কিশোরী লজ্জায় লাল হয়ে গেল। সে যে ফেসবুক সম্পর্কে কিছুটা জানে তা জানাতেই তার এই লজ্জা।

একজন নারী জানালেন তিনি মুঠোফোনে ফোন আসলে কথা বলতে পারেন এবং কথা শেষে বন্ধ করতে পারেন। উপস্থিত নারীদের বেশির ভাগই মুঠোফোনে ইংরেজিতে যেসব খুদেবার্তা আসে তার অর্থ বুঝতে পারেন না। তবে দীর্ঘক্ষণ চেষ্টার পর এই নারীরাই ‘ইন্টারনেট’ সম্পর্কে বুঝতে পেরেছেন বলে ইংরেজিতেই ‘ইয়েস’ বললেন।
আজ রোববার মায়া এমপাওয়ারিং উইমেন কম ডট বিডি এবং নাহার হেলথ সার্ভিস অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে নিম্নবিত্ত আয়ের নারী, ব্র্যাকের কর্মসূচির আওতায় আসা কিশোরীদের ইন্টারনেট ব্যবহার সম্পর্কে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। এ অনুষ্ঠানে মোবাইল ফোন কোম্পানির প্রতিনিধি ও স্বেচ্ছাসেবক, ফেসবুকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। নাহার, মায়া, ডিনেট, আপনজন এর সেবাভোগী নারীরাও উপস্থিত ছিলেন।

আয়োজকেরা শোনাচ্ছেন ইন্টারনেটের ইতিকথা। ছবি: সংগৃহীত
আয়োজকেরা শোনাচ্ছেন ইন্টারনেটের ইতিকথা। ছবি: সংগৃহীত

রাজধানীর কাফরুলে বেসরকারি সংস্থা নাহারের কার্যালয়ে অনেক নারী তাঁদের ছোট ছোট সন্তান কোলে নিয়েই হাজির হন। উপস্থিত নারী ও কিশোরীদের বিনা মূল্যে রবির সিম দেওয়া হয়। এ সিম ব্যবহার করে কীভাবে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করবেন তাও শিক্ষা দেওয়া হয়। আর ইন্টারনেটের স্বাস্থ্যকথা থেকে শুরু করে সব তথ্যই এই নারী ও কিশোরীরা পাবেন বাংলায়।
মায়ার হেড অব কনটেন্ট অ্যান্ড কমিউনিকেশনস শাহানা সিদ্দিকী উপস্থিতদের কাছে মুঠোফোনের মেনু কাকে বলে, ইন্টারনেটের দুনিয়ায় ঢুকতে হলে কোথায় যেতে হবে, ঢুকতে পারলে কী কী সুবিধা পাওয়া যাবে, কেনো ইন্টারনেটসেবা হাতের মুঠোয় থাকা প্রয়োজন তা ব্যাখ্যা করেন।
শাহানা সিদ্দিকী বলেন, বাংলাদেশের নারীদের হাতের মুঠোয় ইন্টারনেট না থাকার কারণেই অন্য দেশের নারীদের তুলনায় পিছিয়ে আছে। তিনি আলোচনার ফাঁকে ফাঁকে মুঠোফোনের মাধ্যমে সেবা দেওয়ার মাধ্যম মামা সার্ভিস, মায়া সার্ভিসসহ বিভিন্ন মাধ্যম থেকে কি ধরনের তথ্য পাওয়া যাবে তাও ব্যাখ্যা করেন। তবে এই সেবা পাওয়ার জন্য সবার কাছে একটি করে রবি সিম থাকতে হবে সে বাধ্যবাধকতার কথাও জানিয়ে দিলেন।
উপস্থিত নারী ও কিশোরীরা একদম শেষ পর্যায়ে এসে সমস্বরে স্লোগান দিলেন-‘বিশ্বের সঙ্গে যুক্ত হই, বাংলাদেশের সঙ্গে যুক্ত হই, ইন্টারনেট ডট ওআরজি।’
ফেসবুকের দক্ষিণ এশিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপের প্রতিনিধি দীপ্তি দৌসি নারীদের ইন্টারনেট ব্যবহারে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ইন্টারনেট ব্যবহার করে ভালো মা হওয়া সম্ভব। একই ভাবে সমাজগঠনেও ব্যাপক ভূমিকা রাখা সম্ভব। তিনি রবি সিম ব্যবহার করে নিজেরা ইন্টারনেট ব্যবহার করার পাশাপাশি অন্যদেরও উৎসাহিত করার জন্য আহ্বান জানান।
দীপ্তি দৌসির বক্তব্য বাংলায় অনুবাদ করে শোনান ব্র্যাকের উপ ব্যবস্থাপক (কমিউনিকেশন) আনিকা নূর। অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য দেন নাহার হেলথ সার্ভিস অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পারভীন ওয়াহিদ।