নিম্ন আয়ের মানুষের কাছে পাশে-আছি ইনিশিয়েটিভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিম্ন আয়ের মানুষদের কাছ খাদ্য সামগ্রী পৌছে দেয় পাশে-আছি ইনিশিয়েটিভ। ছবি: লেখক
নিম্ন আয়ের মানুষদের কাছ খাদ্য সামগ্রী পৌছে দেয় পাশে-আছি ইনিশিয়েটিভ। ছবি: লেখক

অহংকারীর খোলস বদলে জেগে উঠবে মানবতা। অসহায়ের পাশে দাঁড়িয়ে সহানুভূতির হাত বাড়ানোর প্রত্যয়ে আবারও ফিরে আসুক আমাদের চির চেনা বৈশাখ।

"একটা কুড়ি বারুদ গন্ধে মাতাল করে ফুটবে কবে? সারাশহর উথাল-পাথাল ভীষণ রাগে যুদ্ধ হবে"

২৫ দিন আগে একেবারেই ব্যক্তিগত উদ্যোগে দুই বন্ধু শুরু করেছিলো নিজ এলাকায় নিম্ন আয়ের মানুষদের খাবারের প্যাকেট দেওয়ার মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছিল পাশে-আছি ইনিশিয়েটিভ-এর। এক মাসও হয়নি, অলাভজনক প্রতিষ্ঠানটি পাশে থেকেছে ৩৫০০ এরও বেশি পরিবারের। গিয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে, সরকারের রেশনটুকুও যাঁদের কাছে হয়তো পৌছায় না।

যেখানে সাহায্যের দরকার পড়েছে সীমিত লোকবল নিয়েও হাজির হয়েছে আছি ইনিশিয়েটিভ-এর সদস্যরা। ছবি: লেখক
যেখানে সাহায্যের দরকার পড়েছে সীমিত লোকবল নিয়েও হাজির হয়েছে আছি ইনিশিয়েটিভ-এর সদস্যরা। ছবি: লেখক

এখানেই শেষ নয়, বেদেপল্লী, যৌনপল্লী, তৃতীয় লিঙ্গ, ভাসমান মান্তা সম্প্রদায়, ঢাকা ও ঢাকার বাইরের বস্তি- যখন যেখানে সাহায্যের দরকার পড়েছে সীমিত লোকবল নিয়েও হাজির হয়েছেন আছি ইনিশিয়েটিভ-এর সদস্য ও উদ্যোক্তারা। সাধ্যমতো সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি পত্রিকায় ময়মনসিংহের গারো সম্প্রদায়ে খাদ্যাভাবের খবর পেয়ে সেখানেও ১৫০ পরিবারের কিছুদিনের আহারের ব্যবস্থা করেছে পাশে-আছি ইনিশিয়েটিভ।

না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ক'জন শিক্ষার্থীর এই উদ্যোগে লাভ নেই কোনো। আছে আশংকা, আছে করোনা সংক্রমণের ভয়। নিজ পরিবারকে ঝুঁকির মুখে না ফেলতে তাদের এক কর্মী নিজগৃহ ছেড়ে পরবাসী হয়েছে, কারণ দ্যা শো মাস্ট গো অন। মানবসেবা থেমে থাকতে পারে না। আর তাইতো মাত্র আটজনের একটা দলের পাশে থেকেছে সারা বাংলাদেশ, ওদের কাজ কেবল ঢাকাতেই থেমে থাকেনি, ধীরে ধীরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। রংপুর, ভোলা, ময়মনসিংহ, সাভার, গাজীপুর, খুলনা, বরিশাল, কুড়িগ্রাম- শুভাকাঙ্খীদের সহায়তায় খাবার পৌছে গেছে সবখানে।

পাশে-আছি ইনিশিয়েটিভের এই চমৎকার উদ্যোগে সাড়া দিয়েছে অনেকেই। তাদের ফেসবুক ইভেন্ট '১০০ টাকায় ২ বেলা'তে অনুপ্রাণিত হয়ে অনেকেই করেছেন সহায়তা। দেশ ও দেশের বাইরে প্রবাসী বাঙালিদের অনুদানে খাবার মিলেছে হাজারো নিম্ন আয়ের পরিবারের। ৫০ পরিবার দিয়ে শুরু করা এই উদ্যোগ আজ সাড় ৩ হাজার ছাড়িয়েছে, লক্ষ্য ১০ হাজার পরিবার, কিংবা তারও বেশি।

বাংলাদেশে করোনা-পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকে মোড় নিচ্ছে। আক্রান্তের হার বাড়ছে, সাথে মৃত্যুর হারও পাল্লা দিচ্ছে। সামনে পবিত্র রমজান মাস, এই সময়টায় এমনিতেই মূল্যবৃদ্ধির চাপে নিম্ন আয়ের মানুষেরা বিপদে পড়েন, কোয়ারেন্টিনের এই সময় সেই সমস্যাটা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশে-আছি ইনিশিয়েটিভ এই মানুষগুলোর পাশে থাকতে চায়, যতদিন সম্ভব, যতোটা সম্ভব।

গারো পরিবারের কাছে গিয়ে ত্রাণ তুলে দেওয়া হয়। ছবি: লেখক
গারো পরিবারের কাছে গিয়ে ত্রাণ তুলে দেওয়া হয়। ছবি: লেখক

প্রতিষ্ঠাতা সদস্যদের একজনের ভাষ্য মতে, আমাদের কাজ থেমে থাকবে না। প্রতিকূল পরিস্থিতিতেও আমরা কাজ করে যাব, পাশে থাকব প্রান্তিক জনগোষ্ঠীর। আর্থিক সহায়তা ফুরিয়ে না গেলে আমরাও ফুরিয়ে যাব না।

শুরু করেছিলাম নবারুণ ভট্টাচার্যের কবিতা দিয়ে। দিন পঁচিশেক আগের সেই কুঁড়ি আজ পাশে-আছি হয়ে ফুটে উঠেছে। করোনায় সারা দেশ উথালপাথাল, কিন্তু থেমে নেই বিশ্ববিদ্যালয়-পড়ুয়া এই শিক্ষার্থীরা। আছে জীবনের ঝুঁকি, আছে পরিবারকে হারাবার ভয়, কিন্তু মানবসেবায় যে এসব ভাবলে চলবে না! আর তাই পাশে-আছি ইনিশিয়েটিভের কর্মীরা দিনকে দিন অসহ্য গরমের মধ্যে পিপিই কিট পরে হাসিমুখে দৌড়ে বেড়ায় ঢাকার এ প্রান্ত থেকে ও প্রান্ত, দিনশেষে খাবারের প্যাকেট হাতে ছোট্ট শিশুটির হাসিই তাদের মনে পরমানন্দ জাগায়। এখানে নেই অর্থের যশ, নেই খ্যাতি, তবুও ওরা সবাই কাজ করে যায়, কারণ সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই।

*লেখক: শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ, ঢাবি