নিম্ন আয়ের মানুষের জন্য রেশনিং চালুর দাবি ফখরুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্ন আয়ের মানুষের জন্য রেশনিং চালুর দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে অল্প আয়ের মানুষকে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল রোববার জাতীয়তাবাদী রিকশা ও ভ্যানমালিক-শ্রমিক সমন্বয় পরিষদ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।তারেক রহমানের বিরুদ্ধে চক্রান্ত, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং রিকশামালিক-শ্রমিকদের হয়রানি বন্ধের দাবিতে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার তার প্রতিশ্রুতি পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। সরকারের এই ব্যর্থতার কারণে সারা দেশের নিম্ন আয়ের মানুষ দুর্বিষহ জীবন যাপন করছে। তাই সরকারের উচিত, এদের জন্য স্বল্প মূল্যে রেশনিং ব্যবস্থা চালু করা। মানববন্ধনে সংগঠনের সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক আবদুল মালেক হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন। দেশে দুই রকমের আইন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ অভিযোগ করেছেন, দেশে এখন দুই ধরনের আইন আছে। এক ধরনের আইন ব্যবহার হয় আওয়ামী লীগের জন্য, অন্যটি যাঁরা আওয়ামী লীগ করেন না তাঁদের জন্য।বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য খালেদা ইয়াসমিনের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন। জাতীয় নাগরিক সংসদ নামে একটি বেসরকারি সংগঠন গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে। মওদুদ আহমদ বলেন, যাঁরা আওয়ামী লীগ করেন, তাঁরা খুন করেও মাফ পেয়ে যাচ্ছেন। আর যাঁরা আওয়ামী লীগ করেন না, তাঁরা বিনা অপরাধে জেল খাটছেন, বছরের পর বছর ধরে জামিন পর্যন্ত পাচ্ছেন না। মানববন্ধনে বিএনপির নেতা নিতাই রায় চৌধুরী, আবেদ রাজা প্রমুখ বক্তব্য দেন।