পরিবহনশ্রমিকেরা পকেট কাটা শুরু করায় রাজধানীর নিম্ন আয়ের নাগরিকের মাসিক যাতায়াত ব্যয় দেড় থেকে আড়াই হাজার টাকা বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন গবেষক ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির ‘ভাড়া নৈরাজ্য পর্যবেক্ষণ উপকমিটির’ উদ্যোগে আয়োজিত গণশুনানিতে এসব কথা বলেন তিনি।
গণশুনানিতে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা। শুনানিতে ভুক্তভোগী যাত্রীরা পরিবহনের ভাড়া বৃদ্ধিসহ নানা অভিযোগ করেন।
সৈয়দ আবুল মকসুদ বলেন, সরকার পরিবহনমালিক-শ্রমিকদের সঙ্গে আপস করে; কিন্তু নাগরিকের স্বার্থ রক্ষা করে না। বাস-মিনিবাসে যেভাবে বাড়তি ভাড়া আদায় হচ্ছে, এ বিষয়ে সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা বা বক্তব্য থাকা উচিত। এ ছাড়া বাস-মিনিবাসের ভেতরে ভাড়ার তালিকা থাকা নিশ্চিত করার পাশাপাশি বাসস্টপগুলোতে বিলবোর্ড স্থাপন করে দূরত্ব ও ভাড়ার হার প্রদর্শন করার পরামর্শ দেন তিনি।
দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান ও কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, জ্বালানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্তটি ছিল প্রশ্নবিদ্ধ। সরকার ঢাকা-চট্টগ্রামের ৫ হাজার ৫০০ বাস-মিনিবাসের ভাড়া বৃদ্ধি করেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, সারা দেশের প্রায় ৬০ হাজার বাস-মিনিবাস, ১ লাখ ২০ হাজার হিউম্যান হলার, ৪ লাখ ৫০ হাজার সিএনজিচালিত অটোরিকশা, ১০ লাখ নছিমন-করিমন, ১৬ লাখ প্যাডেলচালিত রিকশায়ও ভাড়া বেড়ে গেছে। অনতিবিলম্বে এটি নিয়ন্ত্রণের উদ্যোগ না নিলে নিম্ন আয়ের যাত্রীরা ক্ষতিগ্রস্ত হবেন।
অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, যাত্রীদের জিম্মি করে অধিকার আদায়ের অপকৌশল বন্ধ করতে হবে। অন্যথায় এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। গণপরিবহনের সংকট নিরসনের পাশাপাশি যাত্রীসেবার মান উন্নয়নে মনোযোগী হওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, প্রতিদিনই অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে যানবাহনগুলোতে পরিবহনশ্রমিকদের সঙ্গে যাত্রীদের তর্ক-বিতর্ক; এমনকি হাতাহাতি, মারামারির ঘটনা ঘটছে। এসব যানবাহনে যাত্রীসেবার লেশমাত্র নেই।
গণশুনানি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিপিবির নেতা রুহিন হোসেন প্রিন্স, বাসদের রাজেকুজ্জামান রতন, যাত্রী কল্যাণ সমিতির চেয়ারম্যান শরীফ রফিকুজ্জামান প্রমুখ।