নিম্ন আয়ের মানুষের মানসম্মত জীবনব্যবস্থা গড়ার আহ্বান
ঢাকা শহরের নিম্ন আয়ের মানুষকে আবাসন প্রকল্পের আওতায় এনে সুন্দর আগামী গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে গতকাল রোববার বিকেলে ‘সুন্দর আগামীর জন্য মানসম্মত জীবনব্যবস্থা (সাসটেইনেবল লিভিং ফর আ বেটার টুমরো)’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানানো হয়।
বাংলাদেশ ইউনিভার্সিটির আয়োজনে এ বৈঠকে পোশাকশ্রমিকদের জন্য একটি আবাসিক প্রকল্পের অগ্রগতি তুলে ধরা হয়। পোশাকশ্রমিকদের উন্নত জীবনব্যবস্থা নিশ্চিত করতে মোহাম্মদী গ্রুপ বাংলাদেশ ব্যাংকের ঋণ সহায়তায় তৈরি করছে স্বল্প খরচের বাসস্থান। গাজীপুরের মির্জাপুর রোডের ডগরি এলাকায় ‘সুবর্ণ প্রাঙ্গণ’ নামে এ প্রকল্পে কাজ শুরু হয়েছে পাঁচ মাস আগে। আগামী আড়াই বছরে এর কাজ শেষ হবে। ব্যয় হচ্ছে প্রায় ৩২ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক ঋণ দিচ্ছে ১৯ কোটি টাকা। মোহাম্মদী গ্রুপের পোশাকশ্রমিকদের একই পরিবারে দুজন শ্রমিক থাকলে ৬ হাজার ৮০০ টাকা এবং অবিবাহিতদের জন্য দুই হাজার টাকা মাসিক ভাড়ায় আবাসনের ব্যবস্থা করা হবে। মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক বলেন, শ্রমিকদের জীবনযাপনের মান উন্নত করতে না পারলে টেকসই উন্নয়ন সম্ভব হবে না। শ্রমিকদের জন্য ঋণ পাওয়া সহজ করতে তিনি একটি অ্যাপ চালু করবেন বলেও জানান।
বক্তাদের আলোচনায় উঠে আসে, ঢাকা শহরে নিম্ন আয়ের মানুষের কোনো আবাসনের ব্যবস্থা নেই। কিন্তু তাঁদের বাদ দিয়ে উন্নয়নও সম্ভব নয়। শুধু পোশাকশ্রমিকদের জন্য না হয়ে সব ধরনের নিম্ন আয়ের মানুষের জন্য আবাসনের ব্যবস্থা করা উচিত। আর এ জন্য বক্তারা কমিউনিটি উন্নয়নের কথাও বলেন। দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, ঢাকায় স্বল্প ব্যয়ে আবাসনের কোনো ব্যবস্থা নেই। ‘সুবর্ণ প্রাঙ্গণ’ প্রকল্পকে তিনি একটি ভালো উদ্যোগ বলেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী বলেন, ‘এটা একটা পাইলট প্রজেক্ট। একে ছড়িয়ে দিতে চাই। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক সহযোগিতা দিয়ে যাবে।’
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক বিনায়ক সেন বলেন, প্রকল্পগুলো যেন যোগাযোগব্যবস্থার সঙ্গে সংগতিপূর্ণ থাকে। বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট মাহমুদ হাসান খান বলেন, তাঁদের দুই থেকে তিন শ সদস্যের এমন আবাসন করার ক্ষমতা আছে। তাঁরা যেন এগিয়ে আসেন। সঞ্চালনা করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি বলেন, ‘শ্রমজীবী মানুষের উৎপাদনশীলতা যত বাড়বে, শিল্পপতিদেরও তত লাভ হবে।’ ‘সুবর্ণ প্রাঙ্গণ’ প্রকল্পটির নকশা তুলে ধরেন স্থপতি ইকবাল হাবিব। ১ দশমিক ৭ একর জমির ওপর গড়ে উঠছে এই প্রকল্প। যেখানে ১ হাজার ২০০ মানুষের বাসস্থানের ব্যবস্থা হবে। স্কুল, ক্লিনিকসহ খেলার জায়গাও থাকবে।
এ আয়োজনে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অধ্যাপক মোহাম্মদ আবদুল মোমেন, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মানসুর, রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী চৌধুরী, বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার সলিডারিটির সভাপতি বাবুল আক্তার, বেঙ্গল ইনস্টিটিউটের স্থপতি খালেদ আশরাফ প্রমুখ।