নিম্ন ও মধ্যবিত্তের নিরাপদ যাতায়াত নিশ্চিত করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) কর্মকর্তা-কর্মচারীদের প্রতি নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার ভারত থেকে বিআরটিসির আমদানি করা ৩৩টি দ্বিতল বাস উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। দেশের পরিবহন সমস্যা সমাধানে দুই কোটি ৪০ লাখ ডলার ব্যয়ে মোট ২৯০টি বাস সংগ্রহের প্রকল্পের আওতায় ৩৩টি দ্বিতল বাস রাস্তায় নামানো হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, ‘বিত্তবানদের বিলাসবহুল গাড়ি আছে। কিন্তু নিম্ন ও মধ্যবিত্ত মানুষের নিজস্ব গাড়ি নেই। আমার চিন্তা কেবল তাদের জন্য। আমি উন্নত সেবার মাধ্যমে এসব মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিআরটিসি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।’প্রধানমন্ত্রী বলেন, ২৯০টির মধ্যে ৩৩টি বাস আজ থেকে রাস্তায় চলবে। শিগগিরই বাকি বাসগুলো আসবে। এ ছাড়া ভারত থেকে ১০০টি একতলা এসি ও ৫০টি আর্টিকুলেটেড বাস আমদানির প্রক্রিয়া চলছে। বিআরটিসির ট্রাকবহরে আরও ৫০০ ট্রাক যুক্ত হবে।প্রধানমন্ত্রী চালকদের জন্য যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা এবং তাঁদের ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, যোগাযোগসচিব এম এন সিদ্দিকী, বিআরটিসির চেয়ারম্যান মেজর (অব.) এম এম ইকবাল ও ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য। বাসস।