নিম্ন মধ্যম আয়ের দেশ হওয়ায় যুক্তরাষ্ট্রের অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স বার্নিকাট বাংলাদেশের এ অর্জনকে ‘বিশেষ অগ্রগতি’ হিসেবে অভিহিত করেছেন।
মার্কিন রাষ্ট্রদূত গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে তাঁর দপ্তরে দেখা করার পর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের আলোচনার সময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকও উপস্থিত ছিলেন।
গত বুধবার বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে বেরিয়ে নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় ঠাঁই পেয়েছে। প্রতিবছর ১ জুলাই বিশ্বব্যাংক আনুষ্ঠানিকভাবে মাথাপিছু মোট জাতীয় আয় অনুসারে দেশগুলোকে নিম্ন আয়, নিম্ন মধ্যম আয়, উচ্চ মধ্যম আয় ও উচ্চ আয়—এ চারটি আয় গ্রুপে ভাগ করে।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মার্শা বার্নিকাট বলেন, ৫ জানুয়ারির (২০১৪ সাল) নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের যে অবস্থান ছিল, সেটির পরিবর্তন হয়নি। সবার জন্য রাজনৈতিক ও গণতান্ত্রিক সুযোগ নিশ্চিত করতে আলোচনার মাধ্যমে রাজনৈতিক বিরোধ মিটিয়ে ফেলার ওপর যুক্তরাষ্ট্রের গুরুত্ব অব্যাহত থাকবে। তিনি বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন।
মার্শা বার্নিকাট বলেন, মানব পাচার রোধসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকায় যুক্তরাষ্ট্র কৃতজ্ঞ। তিনি বলেন, আগামী দিনগুলোতে দুই দেশ কীভাবে একসঙ্গে কাজ করতে পারে, সে বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের আলোচনায় বাংলাদেশের তৈরি পোশাকশিল্প প্রসঙ্গও ছিল। মার্শা বার্নিকাট বলেন, ‘তৈরি পোশাকশিল্পে অনেক অগ্রগতি হয়েছে। তবে আমরা শুধু কর্মপরিবেশের নিরাপত্তাই নয়, শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকারের ক্ষেত্রেও অগ্রগতি দেখতে চাই। এ ব্যাপারে বাংলাদেশ সরকারও অঙ্গীকার করেছে।’