বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ‘জল’ নামের এই ঘূর্ণিঝড় এখনো মারাত্মক আকার ধারণ না করলেও এটি ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর এখন কিছুটা উত্তাল। উপকূলে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।সতর্কতা হিসেবে চট্টগ্রাম, মংলা বন্দর ও কক্সবাজারকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড়টি আজকের মধ্যে আরেকটু শক্তি সঞ্চয় করতে পারে। গতকাল রাত সাড়ে সাতটায় ঘূর্ণিঝড় ‘জল’ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৪৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ৩৯৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৪৩৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।ঘূর্ণিঝড়কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।