নিম্নচাপে উপকূলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে ভারতের পশ্চিমবঙ্গ-সংলগ্ন সুন্দরবনের কাছ দিয়ে উপকূল অতিক্রম করেছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরসহ বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরের ওপর দিয়ে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। একই সঙ্গে কোনো কোনো এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে।

চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গ-সংলগ্ন সুন্দরবন উপকূলের স্থলভাগে আরও উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হয়ে যাবে। নিম্নচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বরগুনা

নিম্নচাপের প্রভাবে বরগুনার উপকূলীয় এলাকায় একটানা ভারী বর্ষণ চলছে। একই সঙ্গে বইছে প্রচণ্ড ঝোড়ো হাওয়া। ভারী বর্ষণে পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক পরিবার।

অনেক এলাকায় বসতঘরে বুক সমান পানি ঢুকে পড়ায় দুর্গত মানুষ বাড়িঘর ছেড়ে বাঁধ ও উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে।

গত সোমবার থেকে বরগুনায় একটানা বর্ষণ ও জলোচ্ছ্বাস শুরু হয়। গতকাল বুধবার দিবাগত রাত থেকে বর্ষণের সঙ্গে শুরু হয় ঝোড়ো হাওয়া। এতে আজ ভোররাত থেকে বরগুনায় বিদ্যুত্ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। 

জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির কর্মকর্তা জানান, নদ-নদীতে তিন থেকে পাঁচ ফুট অতিরিক্ত উচ্চতার জোয়ার হওয়ার আশঙ্কা রয়েছে। 

জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, আজ সকাল নয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৫ দশমিক তিন মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল জেলার নদ-নদীতে তিন দশমিক ২৮ মিটার উচ্চতায় জোয়ারের পানি প্রবাহিত হয়, যা বিপত্সীমার ৪৩ সেন্টিমিটার ওপরে ছিল।

পটুয়াখালী

নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে ঝোড়ো হাওয়া বইছে এবং প্রবল বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ায় জেলার উপকূলীয় এলাকার মানুষকে নিরাপদ আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়। এ ব্যাপারে গতকাল বিকেলে মাইকযোগে প্রচার চালিয়েছেন জেলার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবকেরা।

পটুয়াখালী আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল সকাল ছয়টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। দুপুর ১২টা পর্যন্ত মাছ ধরার ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

মাওয়া-কাওড়াকান্দি নৌরুট বন্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ সকাল আটটা থেকে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে লঞ্চ ও সি-বোট চলাচল বন্ধ রয়েছে। ঝুঁকি নিয়ে রো রো ফেরি চললেও ছোট ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে মাওয়া ও কাওড়াকান্দি ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।       

মাওয়াঘাটে বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর মো. আক্তার হোসেন প্রথম আলো ডটকমকে জানান, সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও প্রচণ্ড বাতাস থাকায় নদী উত্তাল রয়েছে। তাই সকাল আটটা থেকে লঞ্চ ও সি-বোট চলাচল বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে ডাম ফেরি (ছোট ফেরি) ও মাঝারি ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মাঝে মাঝে রো রো ফেরি ছেড়ে যাচ্ছে।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, মাওয়া-কাওড়াকান্দি রুটে ১৫টি ফেরি রয়েছে। এর মধ্যে চারটি রো রো, বাকি সব ছোট ও মাঝারি আকারের।