নিম্নচাপের প্রভাবে বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল রয়েছে। এ কারণে চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তরদিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি সকাল ছয়টার দিকে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১০৮৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১০৪০ কিলোমিটার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৯৫৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

আব হওয়া অধিদপ্তর আরও বলছে, নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরসহ বাংলাদেশ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক শাহ আলম বলেন, আগামীকাল শনিবার বোঝা যাবে নিম্নচাপটি কোনদিকে যাচ্ছে। গতিবিধি যাই হোক না কেন এর প্রভাবে বৃষ্টি আরও বাড়তে পারে।