নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ কাজ বন্ধ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আশ্চার্যপুর-বারুগ্রাম সড়ক নির্মাণে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় লোকজন এ বিষয়ে লিখিত অভিযোগ করায় কর্তৃপক্ষ ওই সড়কের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রাজবাড়ী কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহত্তর ফরিদপুর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে চলতি অর্থবছরে আশ্চার্যপুর থেকে বারুগ্রাম পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। বালিয়াকান্দির জিএম ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ৮৫ লাখ ৩৮ হাজার টাকা চুক্তিমূল্যে রাস্তা নির্মাণের কাজটি পায়। চলতি বছর ২৯ মার্চ কাজ শুরু হয়। এই কাজ ২৯ অক্টোবরের মধ্যে শেষ হওয়ার কথা। দরপত্রের শর্ত অনুযায়ী এই তিন কিলোমিটারে শুধু ১ নম্বর ইট বিছানোর কথা। ইতিমধ্যে রাস্তার ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। নিম্নমানের ইট ব্যবহার করায় জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে কাজ বন্ধ রাখা হয়েছে। পাটুরিয়া গ্রামের ফরিদা বেগম বলেন, রাস্তার কাজ তাড়াতাড়ি শেষ করা দরকার। বৃষ্টি হলেই রাস্তায় কাদা-পানি জমে থাকে। তখন ছেলেমেয়েদের স্কুলে যেতে সমস্যা হয়। এ ছাড়া রাস্তা খারাপ থাকায় পাশের হাসপাতালেও যাওয়া যায় না। বহরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সুফল কুমার বিশ্বাস বলেন, ‘রাস্তার সব স্থানে ১ নম্বর ইট ব্যবহার না করায় আমি কাজে বাধা দিয়েছি। এরপর আমি এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কাছে জুলাইয়ের শেষ সপ্তাহে লিখিতভাবে অভিযোগও করেছি। আমি চাই, গ্রামের রাস্তাটি ভালো ইট দিয়ে তৈরি করা হোক।’কাজ বন্ধ থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।এ কাজ তদারকির দায়িত্বে থাকা বহরপুর ইউপির চেয়ারম্যান রেজাউল করিম জানান, রাস্তায় নিম্নমানের যে ইট ছিল তা সরিয়ে ফেলা হয়েছে। এলজিইডির রাজবাড়ী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মুজাহিদুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।