নিম্নমানের ইটে গর্ত ভরাট, বালুর ওপর বিটুমিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনের মধ্যে কাজ শেষ করতে হবে, এমন বাধ্যবাধকতার কারণে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের চট্টগ্রামের সড়ক সংস্কারে নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। সড়কের খানাখন্দ ভরাটে ব্যবহার করা হয়েছে নিম্নমানের ইট। গর্তের পানি না সরিয়েই তাতে ঢালা হচ্ছে বালু ও বিটুমিন। ফলে বৃষ্টি আর যান চলাচল একসঙ্গে শুরু হলে আবারও সৃষ্টি হচ্ছে গর্তের।সওজ সূত্রে জানা যায়, ২১ আগস্ট থেকে ২৩ আগস্টের মধ্যে চট্টগ্রাম অঞ্চলের সবগুলো সড়কের গর্ত ভরাট ও সংস্কারকাজ শেষ করার জন্য কেন্দ্রীয়ভাবে নির্দেশ দেওয়া হয়। ১৯ আগস্ট যোগাযোগসচিবের সই করা এক দাপ্তরিক আদেশে এই নির্দেশনা আসে। এরপর চট্টগ্রাম সওজের পক্ষ থেকে ২৮১ কিলোমিটার সড়ক সংস্কারে বিশেষ কর্মসূচি শুরু হয়।সূত্রমতে, সংস্কারকাজের আওতায় যেসব সড়ক রয়েছে, সেগুলোর মধ্যে আছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, চট্টগ্রাম-রাঙামাটি সড়ক, হাটহাজারি-নাজিরহাট সড়ক, বারইয়ারহাট-হেঁয়াকো-ফটিকছড়ি সড়ক, হেঁয়াকো-রাঙামাটি সড়ক, চট্টগ্রাম-কাপ্তাই সড়ক, ভাটিয়ারি-হাটহাজারি সড়ক এবং আনোয়ারা সড়ক।প্রথম আলোর স্থানীয় প্রতিনিধিরা জানান, চট্টগ্রাম-রাঙামাটি সড়কের গর্ত ভরাট করতে বেশির ভাগ জায়গায় নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। ফটিকছড়ি-বারইয়ারহাট-হেঁয়াকো সড়কের গর্তে বৃষ্টির পানি না সরিয়েই বালু ও বিটুমিন দেওয়া হয়েছে। ফলে যান চলাচল শুরু হলে আবারও এসব বিটুমিন উঠে যাচ্ছে।দক্ষিণ চট্টগ্রামের সড়ক সংস্কারের ক্ষেত্রেও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। পটিয়ার ডাকবাংলো মোড় ও আশপাশের সড়কে মধ্যখানের গর্ত বিটুমিন দিয়ে ভরাট করা হয়েছে। কিন্তু সড়কের দুই পাশের যে অংশগুলো ভেঙে গেছে, সেখানে কোনো কাজ হয়নি।এ প্রসঙ্গে সওজের নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা সাধারণত বর্ষায় বিটুমিনের কাজ করি না। কিন্তু অনেক জায়গায় তাড়াহুড়ো করে কাজ করতে হয়েছে। আর ঈদের আগে স্বাভাবিক সময়ের চেয়ে দেড় থেকে দুই গুণ গাড়ি বেশি চলাচল করে। ফলে কিছু সমস্যা হতে পারে।’নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ অস্বীকার করে রানাপ্রিয় বড়ুয়া বলেন, এখন ইটখোলায় ভালো ইট নেই। এ জন্য আমরা রাঙামাটির মগাছড়ি থেকে ইট এনেছি।চট্টগ্রাম সওজের উপবিভাগীয় প্রকৌশলী (উত্তর) জুলফিকার আহমেদ প্রথম আলোকে বলেন, বর্ষা মৌসুমে সংস্কারকাজ করতে গিয়ে আমাদের অনেক স্থানেই হিমশিম খেতে হয়েছে। তার পরও আমরা শেষ পর্যন্ত সড়কগুলো সংস্কার করতে পেরেছি।