নিম্নমানের উপকরণ ব্যবহার কাজ বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল-সমাধিনগর সড়ক নির্মাণের কাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের সত্যতা পাওয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রাজবাড়ী কার্যালয় ২৩ জুলাই ঠিকাদারিপ্রতিষ্ঠানকে কাজ বন্ধ করার বিষয়ে নোটিশ দিয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রাজবাড়ী কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরুতে এলজিইডি জঙ্গল ইউনিয়ন পরিষদ ভবন থেকে সমাধিনগরের জলকপাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা পাকাকরণের দরপত্র আহ্বান করা হয়। এ নির্মাণকাজের প্রাক্কলিত মূল্য নির্ধারণ করা হয় এক কোটি ২৯ লাখ ৬৩৪ টাকা। সর্বনিম্ন দরদাতা হিসেবে মেসার্স জিএম ট্রেডার্স নামে একটি ঠিকাদারিপ্রতিষ্ঠান কাজটি পায়। তারা গত ২৬ জানুয়ারি কাজ শুরু করে। এ বছরের ৯ অক্টোবর কাজ শেষ হওয়ার কথা।

দরপত্রের শর্তানুযায়ী প্রথম ছয় ফুটে বালু, পরের ছয় ফুটে বালু ও খোয়ার সমান মিশ্রণ এবং শেষের ছয় ফুটে শুধু খোয়া দিয়ে রাস্তা পাকা করার কথা। ইতিমধ্যে রাস্তার ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। নিম্নমানের উপকরণ ব্যবহারের সত্যতা পাওয়ায় ঠিকাদারিপ্রতিষ্ঠানকে ২৩ জুলাই কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

জঙ্গল বাজার বণিক সমিতির সহসভাপতি জাহিদুর রহিম মোল্লা বলেন, ‘রাস্তায় নিম্নমানের খোয়া বিছানো হয়েছে। বিষয়টি আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছি। সবাই প্রতিশ্রুতি দিলেও কেউ কার্যকর পদক্ষেপ নেননি। ২২ জুলাই সন্ধ্যায় নিম্নমানের খোয়া ব্যবহারের প্রতিবাদ জানিয়ে এলাকাবাসী মিছিল করেছেন।’

জঙ্গল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ক্ষিরোদ বরণ বসু বলেন, ‘এত খারাপ মানের কাজ কখনো দেখি নাই। রাস্তায় যে পরিমাণ খোয়া ব্যবহার করার কথা ছিল সে পরিমাণ খোয়া ব্যবহার করা হয়নি।’

পথচারীরা অভিযোগ করেন, ছয়-সাত মাস ধরে ঢিমেতালে রাস্তার কাজ হচ্ছে। রাস্তার ওপর দেওয়া খোয়া ভালোভাবে সমান না করায় চলাচল করা যাচ্ছে না।

ঠিকাদার এহসানুল হাকিম নিম্নমানের উপকরণ দিয়ে রাস্তা নির্মাণ করার অভিযোগ অস্বীকার করেছেন। এলজিইডির বালিয়াকান্দি কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. বজলুল হক খান বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে ঠিকাদারকে উন্নতমানের উপকরণ দিয়ে কাজ করার নির্দেশ দিয়েছি।’

ভারপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী মঞ্জুর রশীদ জানান, এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর সরেজমিনে রাস্তায় নিম্নমানের উপকরণ ব্যবহার করার সত্যতা পাওয়া গেছে।