নিম্নমানের ওষুধ তৈরি করায় ৩১ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদন করায় সরকার চলতি বছর ৩১টি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। জাতীয় সংসদে গতকাল বুধবার টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে আওয়ামী লীগের সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদন এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস (জিএমপি) সঠিকভাবে অনুসরণ না করায় ১৬টি কোম্পানির ওষুধ উৎপাদন লাইসেন্স সাময়িক বাতিল, ১৪টি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিভিন্ন গ্রুপের ওষুধ উৎপাদন স্থগিত এবং একটি প্রতিষ্ঠানের ওষুধ উৎপাদন সাময়িক স্থগিত করা হয়েছে। নূর আফরোজ আলীর প্রশ্নের জবাবে রুহুল হক জানান, দেশের সব ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের পক্ষে জিএমপির গাইডলাইন পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ এখনো সম্ভব হয়ে ওঠেনি। তবে এরই মধ্যে দেশের বেশ কয়েকটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউকে-এমএইচআরএ, ইইউ (ইউরোপীয় ইউনিয়ন), টিজিএ ও জিসিসির (গালফ স্টেট) যোগ্যতার সনদ অর্জন করেছে। বর্তমানে বাংলাদেশের গুণগত মানসম্পন্ন ওষুধ ইউরোপ, আমেরিকাসহ ৮৭টি দেশে রপ্তানি হচ্ছে।ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া বলেন, ২০১১ সালে হজযাত্রী পাঠানোর বিষয়ে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে তিনটি ট্রাভেল এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। এগুলো হলো: রাজধানীর দিলকুশা এলাকার ফেয়ার লাইন ট্রাভেলস, টয়েনবি সার্কুলার রোডের স্টার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ও ফকিরাপুলের জীবন ট্রাভেলস।