নিম্নমানের কাজে বাধা কার্যসহকারীকে লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ পৌরসভার ১৭ লাখ টাকার নিম্নমানের উন্নয়নকাজ করতে বাধা দেওয়ায় পৌর প্রকৌশল বিভাগের কার্যসহকারীকে বেদম মারধর করেছে ঠিকাদার ও তার লোকজন। গুরুতর আহতাবস্থায় তাঁকে কিশোরগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পৌরসভা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ পৌর এলাকার বয়লা-তারাপাশা এলাকার বাবুল পিয়নের বাড়ি থেকে মফিজ মিয়ার বাড়ি পর্যন্ত গাইড ওয়াল ও সিসি রাস্তা, পুকুরপাড়ের রিটেনিং ওয়াল এবং ড্রেন নির্মাণের কাজটি কিশোরগঞ্জের মেসার্স জেরিন কনস্ট্রাকশন ১৭ লাখ টাকায় কার্যাদেশ পান। গত বুধবার থেকে প্রতিষ্ঠানটির লোকজন কাজ শুরু করে। কাজটির বাস্তবায়ন ও দেখভাল করার দায়িত্বে ছিলেন প্রতিষ্ঠানের অংশীদার বয়লা এলাকার জালাল উদ্দিনের ছেলে মো. সেলিম মিয়া। পৌরসভার পক্ষ থেকে কাজটি তদারক করার দায়িত্ব পান কার্যসহকারী মো. বোরহান উদ্দিন। গতকাল বৃহস্পতিবার দুপুরে বোরহান প্রকল্প স্থানে গিয়ে দেখেন, প্রতিষ্ঠানের অংশীদার সেলিম মিয়া নিম্নমানের সামগ্রী ব্যবহার ও কম মালামাল ব্যবহার করে প্রতিরক্ষা দেয়াল ও অন্যান্য কাজ বাস্তবায়ন করছেন। এ সময় কার্যসহকারী দরপত্র মোতাবেক নির্মাণসামগ্রী ও মালামাল ব্যবহার করে সঠিক কাজ করার জন্য ঠিকাদারকে অনুরোধ করেন। ঠিকাদার মো. সেলিম মিয়া তাঁর কথা না শুনে কাজ চালিয়ে যান। একপর্যায়ে কার্যসহকারী সঠিক কাজ হচ্ছে না বলে মতামত জানালে সেলিম ক্ষিপ্ত হয়ে সাত-আটজন লোক নিয়ে বোরহান উদ্দিনকে কিল-ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে দেন। পরে তাঁকে বেদম মারধর করতে থাকেন। পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আবদুস সালাম জানান, নিম্নমানের কাজ করতে বাধা দেওয়ায় কার্যসহকারী মো. বোরহান উদ্দিন অমানবিক পিটুনির শিকার হয়েছেন। এ ব্যাপারে থানায় মামলা করা হবে। এ ব্যাপারে ঠিকাদার মো. সেলিম মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, দরপত্র মোতাবেক কাজ শুরু করা হয়। কার্যসহকারী বাড়াবাড়ি করায় এ ঘটনার সৃষ্টি হয়েছে।