নিম্নমানের কাজে বাধা প্রকৌশলীকে মারধর
নরসিংদীর মাধবদী পৌরসভায় নিম্নমানের কাজে বাধা দেওয়ায় গতকাল বৃহস্পতিবার সহকারী প্রকৌশলী আমিনুল ইসলামকে দুই দফা মারধর করেছেন ঠিকাদার মনিরুজ্জামান ওরফে জুয়েল। মনিরুজ্জামান মাধবদী শহর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক।
প্রত্যক্ষদর্শী ও পৌরসভার কয়েকজন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার বিরামপুর এলাকায় সেলিম মিয়ার বাড়ি থেকে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত নালা নির্মাণের কাজ চলছে। এটি রত্না ও রহমান ট্রেডার্সের লাইসেন্সে কাজ করছেন মেসার্স জুয়েল ট্রেডার্সের স্বত্বাধিকারী মনিরুজ্জামান ওরফে জুয়েল। তিনি নালা নির্মাণে নিম্নমানের ইট, পাথর, বালি ব্যবহার করছেন। অভিযোগ পেয়ে গত বুধবার বিকেলে সহকারী প্রকৌশলী আমিনুল সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পান ও নির্মাণকাজ বন্ধ রাখতে বলেন। গতকাল বেলা ১১টার দিকে আমিনুল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামানকে নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি জানাতে তাঁর কক্ষে যান। এ সময় ঠিকাদার মনিরুজ্জামানও নির্বাহী প্রকৌশলীর কক্ষে ঢুকে তাঁর বিরুদ্ধে অভিযোগ করতে শোনেন। পরে তিনি ক্ষিপ্ত হয়ে প্রধান নির্বাহী প্রকৌশলীর সামনে আমিনুলকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। বেলা সাড়ে তিনটার দিকে আমিনুল আবারও নির্বাহী প্রকৌশলীর কক্ষে গেলে দ্বিতীয় দফায় তাঁকে ঠিকাদার মনিরুজ্জামান ৩০-৩৫ জন লোক নিয়ে কিল-ঘুষি, লাথি মারতে থাকেন। পরে চেয়ার দিয়েও আঘাত করেন। এ সময় তাঁরা ওই কক্ষের ফ্যাক্স মেশিন, টেলিফোন, আলমারি ভাঙচুর করেন। একপর্যায়ে সহকর্মীরা আমিনুলকে আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান।
নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামছুর রহমান বলেন, আহত ব্যক্তির শরীরে জখম রয়েছে। এ ছাড়া মাথায়ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
আমিনুল বলেন, ‘ইট, বালু, পাথর—সবই নিম্নমানের। আর যেভাবে কাজ করছেন, তাতে তা এক মাসও স্থায়ী হবে না। তাই বাধা দেওয়ায় ঠিকাদার মনিরুজ্জামান সকালে একবার লাঞ্ছিত করেছেন। আবার বিকেলে সন্ত্রাসী নিয়ে এসে মারধর করেছেন। সহকর্মীরা না বাঁচালে তাঁরা হয়তো আমাকে মেরেই ফেলতেন।’
ঠিকাদার মনিরুজ্জামান বলেন, ‘সকালে প্রকৌশলীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে একটু হাতাহাতি হয়েছিল। বিষয়টি জানতে পেরে আমার এলাকার ছেলেরা এসে এ ঘটনা ঘটিয়েছে। এটি আসলে ভুল-বোঝাবুঝি হয়ে গেছে। এখানে রাজনৈতিক কোনো কারণ নেই।’
নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান সহকারী প্রকৌশলী আমিনুলকে মারধরের সত্যতা নিশ্চিত করেছেন।
পৌর মেয়র ইলিয়াস মিয়া বলেন, ‘নিম্নমানের কাজও করবে, আবার আমার প্রকৌশলী বাধা দিলে তাঁদের মারধরও করবে, এটা মেনে নেওয়া যায় না।’
এ ব্যাপারে মাধবদী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আমিনুল ইসলাম বলেন, পৌরসভায় সামান্য ধাক্কাধাক্কি হওয়ায় চেয়ার-টেবিল ভেঙে গেছে। আর প্রকৌশলী আহত হয়েছেন। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আপসের জন্য আলোচনা চলছে। তাই কেউ অভিযোগ দেননি।