নিম্নমানের কাজের অভিযোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ পৌরসভায় চলছে ৩০ কোটি টাকার উন্নয়নকাজ। এসব উন্নয়নকাজের অধিকাংশই নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পৌরসভা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে কিশোরগঞ্জ পৌরসভার অধীনে ৩০ কোটি টাকার ১৮২টি গ্রুপের উন্নয়নকাজ চলছে। এসব কাজের মধ্যে সড়ক উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও নালা নির্মাণ করা হচ্ছে। কিন্তু এসব কাজ তদারক করার মতো পৌর প্রকৌশল বিভাগে প্রয়োজনীয় জনবল নেই। ফলে দরপত্র মোতাবেক কাজ না করেই নিম্নমানের কাজ করে ঠিকাদারেরা তাঁদের পকেট ভারী করছেন।পুরাতন কোর্ট রোড সড়কের সংস্কারের নামে সামান্য বিটুমিন ও পাথরের প্রলেপ দিয়ে কোনোভাবে কাজ শেষ করা হচ্ছে। এলাকার বাসিন্দা মো. সাদেকুর রহমান জানান, ঠিকাদারেরা সামান্য বিটুমিন ও কিছু ছোট পাথর দিয়ে পাতলা প্রলেপ দিয়ে কাজ শেষ করে দিয়েছে। একই অবস্থা শোলাকিয়া জোরাপুকুর পাড় সড়কেরও। গৌরাঙ্গ বাজার এলাকায় সড়ক উন্নয়ন, গাইটাল এলাকায় হাফিজ কেরানির বাসা থেকে সার্কিট হাউস পর্যন্ত নালা ও স্ন্যাব নির্মাণে নিম্নমানের ইট ও প্রয়োজনীয় সিমেন্ট দেওয়া হয়নি বলে এলাকাবাসী অভিযোগ করেন। বত্রিশ বাসস্ট্যান্ড থেকে সিদ্ধেশ্বরী মোড় পর্যন্ত সড়ক সংস্কার, নালা ও স্ল্যাব নির্মাণের কাজটি এক কোটি ২৮ লাখ টাকার। পূর্ব তারাপাশার জুগিপাড়া এলাকায় সড়ক ও নালা নির্মাণেও নিম্নমানের কাজ হচ্ছে। এভাবেই চলছে পৌরসভার ১৫০ গ্রুপের কাজ। পৌর প্রকৌশল বিভাগ জানায়, এসব বিষয় তাদের জানা আছে। পরবর্তী সময়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।পৌরসভা ও সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, পৌরসভার উন্নয়নকাজে কোনো না কোনো পৌর কাউন্সিলর জড়িত। তা ছাড়া ক্ষমতাসীন ও বিরোধী দলের কতিপয় প্রভাবশালী নেতা-কর্মী সিন্ডিকেটের মাধ্যমে জড়িত। ফলে তাঁদের প্রভাবে পৌর প্রকৌশল বিভাগের কার্য-সহকারীরা কিছু বলতে সাহস করেন না।পৌর ঠিকাদার মো. শহীদুল হকসহ একাধিক ঠিকাদার বলেন, ‘দরপত্র মোতাবেক কাজ করা হচ্ছে। প্রকৌশল বিভাগের সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে। সুতরাং ভালো কাজ করতে আমাদের সমস্যা নেই।’পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আবদুস সালাম জনবল-সংকটের সত্যতা স্বীকার করে বলেন, ‘১০ ভাগ কাজ হচ্ছে তা বলব না। আবার ৫০ ভাগ কাজ হচ্ছে তাও বলা যাবে না। তবে ভালো কাজ আদায়ের চেষ্টা আমাদের রয়েছে। কোনো কাজে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে থাকি।’পৌর মেয়র মো. মাজহারুল ইসলাম বলেন, ‘কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে এলাকাবাসীকে বলে দেওয়া হয়েছে, কোনো অনিয়ম পাওয়া গেলে কাজ বন্ধ করে দিতে। জনগণের সচেতনতাই পারে নিম্নমানের কাজ বন্ধ করতে।’