নিম্নমানের কাজের প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় রাস্তা পাকাকরণে নিম্নমানের কাজের প্রতিবাদ করায় তিনজন গ্রামবাসীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপঠিকাদার বাদী হয়ে ধুনট থানায় এ মামলা করেন।উপজেলা প্রকৌশলী অফিস ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মথুরাপুর ইউনিয়নের শ্যামগাতি-রুদ্রবাড়িয়া পর্যন্ত এক কিলোমিটার রাস্তায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ৫১ লাখ ৫৯ হাজার টাকা ব্যয়ে পাকাকরণের কাজ চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচালক আবু ওবায়দুল হাসান এই কাজের জন্য উপজেলার চালাপাড়া গ্রামের হাসান আলীকে উপচুক্তি (সাব কন্ট্রাক্ট) দেন। দরপত্র অনুযায়ী ১ নম্বর ইট দিয়ে কাজ করার চুক্তি থাকলেও ঠিকাদার ৩ নম্বর ইট ব্যবহার করছেন। বিট বালুর পরিবর্তে মাটি দিয়ে রাস্তা ভরাট করা হচ্ছে। এ রকম বেশ কয়েকটি অনিয়মের অভিযোগ এনে ৬ আগস্ট শ্যামগাতি গ্রামের বাসিন্দারা প্রতিবাদ জানান। এ নিয়ে হাসানের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে গ্রামের লোকজন হাসানকে মারধর করে।এ ঘটনায় হাসান বাদী হয়ে আমিনুল ইসলাম, রাসেল মাহমুদ ও খোরশেদ আলমকে আসামি করে মঙ্গলবার রাতে ওই চাঁদাবাজির মামলা করেন। নিম্নমানের কাজের অভিযোগ অস্বীকার করে হাসান প্রথম আলোকে বলেন, ‘গ্রামবাসী আমাকে মারধর করেছে। তবে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি।’ আমিনুল বলেন, ‘হাসানকে মারধর করার বা চাঁদা চাওয়ার কোনো ঘটনা ঘটেনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।’উপজেলা প্রকৌশলী অফিসের উপসহকারী প্রকৌশলী আবদুল মজিদ বলেন, প্রথম দিকে নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে রাস্তায় কাজ শুরু করা হয়। পরে ঠিকাদার দরপত্র অনুযায়ী কাজ শুরু করেন।ধুনট থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম বলেন, তদন্ত করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।