পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ উঠেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ১৯ মে জেলা সিভিল সার্জনের কাছে খাবার সরবরাহ করা ঠিকাদারের বিরুদ্ধে একটি চিঠি দেন।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ লোকমান হাকিম চিঠিতে উল্লেখ করেন, পথ্য ঠিকাদার ‘মেসার্স গ্রীন ট্রেডার্স’-এর মালিক মো. কুদ্দুসুর রহমান দরপত্রের শর্তানুযায়ী কোনো মালামাল সরবরাহ করেন না। মাছ ও মাংস প্রতিদিন চার-পাঁচ কেজি করে কম দেওয়া হচ্ছে। ফলে রোগীদের খেতে সমস্যা হচ্ছে। এ ব্যাপারে ঠিকদারকে একাধিকবার বলা হলেও অবস্থার উন্নতি হয়নি।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও সেবিকারা বলেন, রোগীদের কম দামের ইরি চালের ভাত দেওয়া হয়। ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী সপ্তাহে তিন দিন মাছ, তিন দিন মুরগি বা খাসির মাংস ও এক দিন ডিম দেওয়ার কথা। অথচ ঠিকাদার সপ্তাহের পাঁচ-ছয় দিনই দুই কেজি ওজনের পাঙাশ মাছ না দিয়ে ৫০০-৬০০ গ্রাম ওজনের পাঙাশ সরবরাহ করে থাকেন। মাছের টুকরাগুলোও ছোট ছোট। মাঝেমধ্যে মুরগি দেয়।
গত মঙ্গলবার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, রান্নাঘর অপরিচ্ছন্ন। রোগীদের জন্য মুরগির মাংস, আলু তরকারি আর পাতলা ডাল রান্না করে তা না ঢেকে মেঝেতে রাখা হয়েছে। এগুলোতে অতিরিক্ত তেল দেওয়া হয়েছে। হলুদ, মরিচও বেশি দেওয়া হয় বলে জানা যায়। পাচক শিউলী আক্তার বলেন, ‘মোরে বাজার কইর্যাথ দেয়। মুই রান্দনের কাম রাইন্দা দিই। মোর আর দোষ কী? ’
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া ৫০ জন রোগীর মধ্যে ৩০ জনের সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়। মিঠাগঞ্জ ইউনিয়নের মিঠাগঞ্জ গ্রামের মো. আইয়ুব আলী (৪৫) বলেন, ‘আমি ১৬ দিন ধইর্যাল হাসপাতালে ভর্তি আছি। এইয়ার মধ্যে এক দিনই রুই মাছের একটা টুকরা পাইছি। আর বাকি কয়দিনই চাষের পাঙাশ দিয়া ভাত দেছে। হ্যা দিয়া গোন্ধ আয়। খাওন যায় না।’
লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া গ্রামের লিজা বেগম (২০) বলেন, ‘যে দুগ্যা ভাত দেয় হ্যাতে একজনেরই অয়না। তরকারি যা দেয়, হ্যা মোহে দেওন যায় না। মুই বাইরে গোনে তরকারি কিন্যা আইন্যা ভাত খাই।’
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ লোকমান হাকিম বলেন, যে মানের খাবার দেওয়া হয়, তা রোগীরা খেতে চায় না। সিভিল সার্জন বরাবর চিঠি দেওয়ার পরও ঠিকাদার নিয়মমতো ও মানসম্মত খাবার সরবরাহ করছেন না। তিনি আরও বলেন, মঙ্গলবার রোগীদের খাবারের জন্য ১৬ কেজি ৫০০ গ্রাম মুরগির মাংস দেওয়ার কথা। সেখানে ১৩ কেজি ২৬৩ গ্রাম সরবরাহ করা হয়।
এ বিষয়ে ঠিকাদার মেসার্স গ্রীন ট্রেডার্সের মালিক মো. কুদ্দুসুর রহমান মুঠোফোনে বলেন, ‘আমি শুধু কলাপাড়া না জেলার অন্য হাসপাতালেও খাবার সরবরাহ করি। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার চাহিদামতো লভ্যাংশ দিতে অস্বীকার করায় তিনি এসব অভিযোগ করছেন।’
সিভিল সার্জন এ এম মজিবুল হক বলেন, তিনি চিঠি পেয়েছেন। বিষয়টি তদন্ত করতে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।