নিম্নমানের খোয়ায় ঢালাই
নিম্নমানের ইটের খোয়া দিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইয়ের অভিযোগ পাওয়া গেছে। পুলিশের ভয় দেখিয়ে ও আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ঠিকাদার গত শনিবার এভাবে ছাদ ঢালাই করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে অল্প দিনেই ছাদ ধসে দুর্ঘটনা ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে।উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উপজেলার নলদী ইউনিয়নে অবস্থিত বিদ্যালয়টির একতলা ভবন নির্মাণের জন্য ৩৬ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দ দেয়। তিন কক্ষের এ ভবন নির্মাণের কাজ পায় লোহাগড়ার হেনা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০১১ সালের ৩১ অক্টোবর কাজ শুরু হয়। চলতি বছরের ২২ জুন কাজ শেষ হওয়ার কথা। নোয়াপাড়া গ্রামের লোকমান হোসেন অভিযোগ করেন, এক সপ্তাহ আগে বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা পর্ষদ ও এলাকার লোকজন ছাদ ঢালাইয়ে বাধা দেন এবং এ ঘটনার প্রতিবাদ জানান। ওই সময় উপজেলা প্রকৌশলী মো. রবিউল ইসলাম ঘটনাস্থলে এসে ঢালাই বন্ধ করে দেন। কিন্তু সেই খোয়া দিয়েই ওই প্রকৌশলীর উপস্থিতিতে গত শনিবার ছাদ ঢালাই দেওয়া হয়েছে। উপজেলা প্রকৌশলী ভয়ে কিংবা অন্যভাবে ম্যানেজ হয়ে ওই খোয়া দিয়ে ঢালাই করতে দিয়েছেন।প্রধান শিক্ষক খন্দকার রবিউল ইসলাম অভিযোগ করে বলেন, ছাদ ঢালাইয়ে তিন ভাগের দুই ভাগ রাবিশ (নিম্নমানের ইটের গুঁড়া) ব্যবহার করা হয়েছে।হেনা এন্টারপ্রাইজের মালিক আল হেলাল মিয়া পুলিশের ভয় দেখানো ও আওয়ামী লীগের প্রভাব খাটানোর অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, এক সপ্তাহ আগে এলাকার লোকজন ছাদ ঢালাইয়ে বাধা দিলে ওই সময়ে ব্যবহারের জন্য নেওয়া খোয়ার মান এলজিইডির নড়াইল কার্যালয়ের পরীক্ষাগারে পরীক্ষা করা হয়। সেখান থেকে খোয়ার মান ঠিক আছে বলে প্রতিবেদন পাওয়ার পর শনিবার ছাদ ঢালাই দেওয়া হয়েছে। উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, আগের সপ্তাহে এলাকাবাসীর বাধার মুখে কাজ বন্ধ রাখা হয়। পরীক্ষা করে দেখা গেছে খোয়া নিম্নমানের নয়। তাই সেই খোয়া দিয়েই ঢালাই দেওয়া হয়েছে।