নিম্নমানের গম নিয়ে মংলা ছাড়ল জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্নমানের ও খাওয়ার অনুপযোগী গম নিয়ে প্রায় চার মাস বাগেরহাটের মংলা বন্দরে আটকে থাকার পর সাইপ্রাসের পতাকাবাহী জাহাজ এমভি পিনটেল গত শুক্রবার বন্দর ত্যাগ করেছে।
ফ্রান্স থেকে আমদানি করা প্রায় ৪৪ কোটি টাকার ২১ হাজার মেট্রিক টন গম নিয়ে জাহাজটি গত বছরের ১২ অক্টোবর মংলা বন্দরে আসে। নিম্নমানের হওয়ায় খাদ্য অধিদপ্তর এ গম গ্রহণ করেনি। মংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার এম হাসান বলেন, এমভি পিনটেল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বন্দর ত্যাগ করে।
খাদ্য অধিদপ্তরের মংলা আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, ফ্রান্স থেকে ৫২ হাজার ৫০০ টন গম নিয়ে এমভি পিনটেল গত বছরের এপ্রিলের মাঝামাঝি চট্টগ্রাম বন্দরে আসে। সেখানে ৩১ হাজার ৫০০ টন গম খালাস শেষে ১২ অক্টোবর মংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় আসে জাহাজটি। এরপর জাহাজে থাকা গমের গুণগত মান পরীক্ষার জন্য খাদ্য অধিদপ্তরের খুলনা অঞ্চলের ছয় সদস্যের কমিটি ১৩ অক্টোবর জাহাজে গিয়ে গমের নমুনা সংগ্রহ করে। প্রাথমিকভাবে কমিটি এ গম নিম্নমানের ও খাওয়ার অনুপযোগী বলে শনাক্ত করে।
এরপর অধিকতর পরীক্ষার জন্য ঢাকার পরীক্ষাগারে গমের নমুনা পাঠানো হয়। বিষয়টি জানিয়ে দেওয়া হয় খাদ্য মন্ত্রণালয়সহ আমদানিকারক প্রতিষ্ঠানকে। খাদ্য অধিদপ্তরের পরীক্ষাগারের পরীক্ষায়ও এ গম নিম্নমানের বলে জানানো হয়।
খাদ্য মন্ত্রণালয়ের জন্য এই গম আমদানি করেছিল ঢাকার ইমপেক্স কনসালটেন্ট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। এরপর আমদানিকারক প্রতিষ্ঠান ও খাদ্য অধিদপ্তরের মধ্যে প্রায় চার মাস ধরে দফায় দফায় বৈঠক হয়।
অবশেষে এ গম ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তের ভিত্তিতে জাহাজটি গম নিয়ে ফ্রান্সের রোয়েন ডকিং বন্দরের উদ্দেশে শুক্রবার মংলা বন্দর ত্যাগ করে।
মংলা বন্দরে আমদানি করা গম খালাসের তদারক কমিটির আহ্বায়ক ও খুলনার আঞ্চলিক খাদ্যনিয়ন্ত্রক কাজী নূরুল ইসলাম বলেন, ‘১৩ অক্টোবর সরেজমিনে পরীক্ষার পর প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছিল গমগুলো নিম্নমানের। এরপর আমাদের পরীক্ষাগারে পরীক্ষা করে এর সত্যতা পাই। এরপর বিষয়টি খাদ্য মন্ত্রণালয়সহ আমদানিকারক ঠিকাদারকে জানাই। একপর্যায়ে আমদানিকারক ও শিপিং এজেন্টকে জানিয়ে দেওয়া হয়, এ গম খালাসযোগ্য নয়।’
জাহাজের স্থানীয় এজেন্ট লিটমন্ড শিপিং এজেন্টের খুলনা অঞ্চলের ব্যবস্থাপক সৈয়দ মুরতজা আলী বলেন, একই গম চট্টগ্রামে খালাস হয়েছিল, কিন্তু মংলায় এসে খাদ্য অধিদপ্তর গ্রহণ করল না। দীর্ঘদিন বন্দরে আটকে থাকায় জাহাজটি বাধ্য হয়ে বন্দর ত্যাগ করে।