নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গতকাল মঙ্গলবার ‘খাওয়ার অযোগ্য চাল’ বিতরণ বন্ধ করে দিয়েছেন স্থানীয় সাংসদ। এ সময় তিনি ভালো চাল বিতরণের নির্দেশ দেন।
উপজেলা প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুস ঈদুল আজহা উপলক্ষে বড়াইগ্রাম ইউনিয়ন, বড়াইগ্রাম পৌরসভা ও মাঝগাঁও ইউনিয়নের দুস্থদের
মধ্যে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বিতরণ করা চালের মান দেখে ক্ষুব্ধ হন। তিনি বলেন, ‘এই চাল খাওয়ার অযোগ্য।’
পরে তিনি বিতরণের জন্য নিয়ে আসা চাল থেকে নমুনা নিয়ে উপজেলা পরিষদের হলরুমে ইউএনও, উপজেলা খাদ্য কর্মকর্তা, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও চালকল মালিক সমিতির সভাপতি-সম্পাদকদের নিয়ে সভা করেন। সভায় উপস্থিত সবাই ওই চাল খাবার অযোগ্য, পচা, অতিরিক্ত কাঁকর মেশানো বলে একমত হন। এরপর সাংসদ নিম্নমানের চাল বিতরণের জন্য খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কারণ দর্শাতে বলেন এবং স্থানীয় উপজেলা প্রশাসনকে চাল বিতরণ বন্ধ করে ভালো চাল বিতরণের নির্দেশ দেন।
সভা শেষে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশানুল কাউছার উপস্থিত সাংবাদিকদের বলেন, এসব চাল তিনি সংগ্রহ করে গুদামে রাখেননি। ঈশ্বরদীর মুলাডুলি খাদ্যগুদাম থেকে সরবরাহ করা হয়েছে।
সাংসদ আবদুল কুদ্দুস বলেন, ‘এক শ্রেণির অসাধু কর্মকর্তা ও ব্যবসায়ীদের যোগসাজশে গুদামে খাবার অযোগ্য চাল ঢোকে, যা পরে দুস্থদের দেওয়া হয়। এতে সরকারের সুনাম ক্ষুণ্ন হয়।’
বড়াইগ্রাম ইউএনও রুহুল আমিন বলেন, চাল বিতরণ বন্ধ করে ভালো চাল বিতরণের নির্দেশনা বাস্তবায়ন করার চেষ্টা চলছে।
এদিকে গতকাল দুপুরে বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য নাজিম উদ্দিন ভিজিএফের চার বস্তা চাল ভ্যানগাড়িতে করে নিজ বাড়ি নেওয়ার পথে জনতার হাতে আটক হন।
পরে নাজিম উদ্দিন কৌশলে ঘটনাস্থল থেকে সটকে পড়েন। খবর পেয়ে পুলিশ চাল উদ্ধার করে বড়াইগ্রাম থানায় নিয়ে যায়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ইউপি সদস্য নাজিমকে আটকের চেষ্টা চলছে। আটকের পরে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।