বাগেরহাটের শরণখোলা উপজেলায় ভোলা নদীর ঢাল রক্ষা প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট ঠিকাদার নদীর তীরে মাটিতে যথাযথ পাইলিং না করে ব্লক বসানোর কাজ করছেন এবং ব্লক নির্মাণে নিম্নমানের উপকরণসামগ্রী ব্যবহার করেছেন বলে স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেছেন।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাগেরহাট কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার সাউথখালী ইউনিয়নের ঢালির গোফ এলাকায় সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত ভোলা নদীর ঢাল রক্ষায় ২০১২ সালে পাউবো এক কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করে। ২০১২ সালের ১ ফেব্রুয়ারি প্রকল্পের কার্যাদেশ পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান টেক বে ইন্টারন্যাশনাল। ওই প্রতিষ্ঠানের লাইসেন্স ব্যবহার করে মূলত কাজটি করছেন রায়েন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন। কার্যাদেশ অনুযায়ী ২০১২ সালের ৩০ জুনের মধ্যে কাজটি শেষ করার কথা ছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে না পেরে ঠিকাদারি প্রতিষ্ঠান মেয়াদ বাড়ানোর আবেদন করলে পাউবো চলতি বছরের জুন মাস পর্যন্ত মেয়াদ বাড়ায়।সরেজমিনে দেখা গেছে, কার্যাদেশ দেওয়ার পর এক বছরের বেশি সময় পার হলেও প্রকল্পের ২০ শতাংশ কাজও সম্পন্ন হয়নি। এক বছর আগে বানিয়ে রাখা ব্লকগুলো নদীর পাশের ফাঁকা জায়গা থেকে নদীর তীরে নিয়ে আসার কাজ করছেন মাত্র ১০-১২ জন শ্রমিক। ব্লকগুলো ধরে দেখা গেছে, তাতে সিমেন্টের পরিমাণ নেই বললেই চলে; ব্যবহার করা হয়েছে অতি নিম্নমানের পাথর।সাউথখালী ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য শফিউল ইসলাম বলেন, খুবই নিম্নমানের উপকরণ দিয়ে ব্লকগুলো তৈরি করা হয়েছে। এগুলো ঢালাইয়ের সময় তিনি একদিন কাজ দেখতে গেলে শ্রমিকেরা ঢালাই মেশিনটি বন্ধ করে দেন। পরবর্তী সময় একদিন ব্লকগুলো তিনি পরীক্ষা করে দেখেন, তাতে সিমেন্টের কোনো অংশই নেই। আর নদীর ঢালে পাইলিং না করেই ব্লকগুলো বসানো হচ্ছে। এ কারণে ব্লকগুলো এমনিতেই নদীতে পড়ে যাবে। শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামালউদ্দিন আকন্দ বলেন, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি নিজে গিয়ে প্রকল্পের কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করতে দেখেছেন। নিম্নমানের পাথর ও খুবই অল্প পরিমাণ সিমেন্ট দিয়ে ব্লক নির্মাণ করায় সেগুলো ছয় মাসও টিকবে না। তিনি জেলা প্রকৌশলীকে কয়েকবার বিষয়টি দেখার জন্য বলেছেন। কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি।অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, তাঁর কাজের গুণগত মান যথেষ্ট ভালো। অর্থসংকট, নদীর প্রবল স্রোত ও সংশ্লিষ্ট এলাকায় বনদস্যুদের অপতৎপরতার কারণে অনেক দিন কাজ বন্ধ রাখা হয়। এ জন্য তিনি সময়মতো কাজ শেষ করতে পারেননি।পাউবোর বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী খলিলুর রহমান বলেন, ‘আমরা কাজের নিয়মিত তদারক করছি। কাজের গুণগত মান ঠিক আছে। সমস্যা হলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আর প্রকল্পের অর্থ বরাদ্দ না পাওয়ায় কাজ নির্দিষ্ট সময়ে শেষ করা যায়নি।’