নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের মাঝেরচর গ্রামে অবৈধভাবে সংযোগ নেওয়া গ্যাসের পাইপ ও রাইজারে গতকাল শুক্রবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় দুটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে নারীসহ তিনজন আহত হন। তাঁদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ছয় মাস আগে মাঝেরচর গ্রামের বিভিন্ন বাড়িতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা নিম্নমানের পাইপ দিয়ে অবৈধ গ্যাস-সংযোগ দেন। গতকাল বিকেল পাঁচটার দিকে গ্রামের আউয়াল মিয়ার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় এক ঘণ্টা আগুন জ্বলে। এ সময় কয়েকটি বাড়িতে অবৈধভাবে গ্যাস-সংযোগ নেওয়া নিম্নমানের পাইপ থেকে আগুন বেরোতে থাকে। এতে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে আউয়াল, শফি উদ্দিন ও মর্জিনা বেগম আহত হন। তাঁদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আগুনে আউয়ালের রান্নাঘর ও বসতঘর পুড়ে যায়। এ ঘটনায় সন্ধ্যায় এলাকাবাসী আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন।
মাঝেরচর গ্রামের বাসিন্দা ওমর আলী বলেন, ‘নিম্নমানের পাইপ দিয়ে অবৈধ গ্যাস-সংযোগ দেওয়ার কারণেই আমরা বিপদে পড়েছি। আমরা এভাবে গ্যাস নিতে চাইনি। কিন্তু আওয়ামী লীগের নেতারা আমাদের জোর করে গ্যাস-সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এখন তাঁরা কোনো দায়িত্ব নিতে চান না।’
আউয়াল মিয়া বলেন, ‘আমি সনমান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলতাফ আলীর কাছ থেকে গ্যাসের সংযোগ নিয়েছি।’
আলতাফ আলী বলেন, ‘আমি সংযোগ দিয়েছি, এটা ঠিক। তবে নিম্নমানের পাইপ দিয়ে সংযোগ দিইনি। ঘটনাটি নিছকই দুর্ঘটনা।’
জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আমরা প্রথম থেকেই নিম্নমানের পাইপ দিয়ে এ ধরনের অবৈধ গ্যাস-সংযোগ দেওয়ার বিপক্ষে ছিলাম। যেসব নেতা এ ধরনের কাজ করেছেন, তাঁদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করা উচিত।’
তিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবু জাফর সুলতান আহমেদ গত রাতে প্রথম আলোকে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।