নিম্নমানের পানি উৎপাদন ও বিপণনকারীর শাস্তি চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭৫ শতাংশ রোগই পানিবাহিত বলে নিরাপদ ও বিশুদ্ধ পানি পান করলে অনেক রোগ থেকে মুক্ত থাকা সম্ভব। যেসব উৎপাদনকারী নিম্নমানের পানি উৎপাদন ও বিপণন করেন, তাঁদের শাস্তি হওয়া উচিত।গতকাল শনিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) এক কর্মশালায় বক্তারা এ কথা বলেন। বিশুদ্ধ খাওয়ার পানি উৎপাদন ও ব্যবহারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিএসটিআই ‘জনস্বাস্থ্য রক্ষায় নিরাপদ ও বিশুদ্ধ খাবার পানি উৎপাদন ও বিপণনের গুরুত্ব’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে।বিএসটিআইয়ের মহাপরিচালক এ কে ফজলুল আহাদ বলেন, রমজানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। তবে শুধু আইন দিয়ে ভেজাল নির্মূল করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন জনসচেতনতা ও উৎপাদনকারীদের সততা।নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অভিজ্ঞতার চিত্র তুলে ধরে বলেন, সব উৎপাদনকারীই নিম্নমানের বা ভেজাল খাদ্যপণ্য ও খাওয়ার পানি উৎপাদন করেন না। কিছুসংখ্যক উৎপাদনকারী নিম্নমানের খাওয়ার পানি উৎপাদনের সঙ্গে জড়িত।বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) পরিচালক মো. হেলাল উদ্দিন বলেন, খাওয়ার পানি উৎপাদন ও বিপণনে মানের সঙ্গে কোনো আপস করা উচিত হবে না। যাঁরা নিম্নমানের বা অবিশুদ্ধ পানি উৎপাদন ও বিপণন করেন, তাঁদের শাস্তি হওয়া উচিত।পিওর ড্রিংকিং ওয়াটার ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. আজগর হোসেন শুধু ব্যবসা হিসেবে না নিয়ে জনস্বাস্থ্যসেবার বিষয়টিতেও গুরুত্ব দেওয়ার জন্য খাওয়ার পানি উৎপাদন ও বিপণনকারীদের প্রতি অনুরোধ জানান।অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মিনারেল অ্যান্ড পিউরিফাইড ড্রিংকিং ওয়াটার ম্যানুফ্যাকচারার্সের সভাপতি এম এ মতিন বলেন, মানুষের রোগের মধ্যে ৭০ শতাংশ রোগ শুধু পানিবাহিত জীবাণুর মাধ্যমে হয়ে থাকে। তাই নিরাপদ বিশুদ্ধ খাওয়ার পানি উৎপাদন ও বিপণন নিশ্চিত করা গেলে জাতি উপকৃত হবে।বিএসটিআইয়ের পরিচালক মো. লুৎফর রহমান খানের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তৃতা করেন বিএসটিআইয়ের কৃষি ও খাদ্য বিভাগীয় কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) পরিচালক মো. জালাল উদ্দিন আহমেদ প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসটিআইয়ের কর্মকর্তা কে এম ফরমুজুল হক।