নিম্নমানের বই পাঠ্য করে শিক্ষক সমিতির নেতাদের পকেট ভারী
টাঙ্গাইলের সখীপুর উপজেলার ৪৮টি মাধ্যমিক বিদ্যালয়ে অনুমোদনহীন নিম্নমানের ব্যাকরণ বই পাঠ্য করায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রকাশকদের কাছ থেকে টাকা নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক নিম্নমানের এসব বই পাঠ্য করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আর শিক্ষার্থীদের সমিতির পাঠ্য করা এসব বই চড়া দামে কিনতে হচ্ছে।শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকার ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ডের (এনসিটিবি) বাংলা ও ইংরেজি ব্যাকরণ বই পাঠ্য করেছে। এই বই ছাড়া অন্য কোনো বই পাঠ্য করার বিধান না থাকলেও সখীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মোটা অঙ্কের টাকা নিয়ে এসব শ্রেণীতে নিম্নমানের ব্যাকরণ বই পাঠ্য করেছেন। শিক্ষার্থীরা যাতে ওই বইগুলো কিনে তা নিশ্চিত করতে তাঁরা প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্দেশ দিয়েছেন।বিভিন্ন বইয়ের দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, প্রগতি প্রেস অ্যান্ড পাবলিকেশনের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি ব্যাকরণ ২০০ টাকা, বাংলা ব্যাকরণ ১৬০ টাকা, একই প্রকাশনীর সপ্তম শ্রেণীর ইংরেজি ব্যাকরণ ২২৫ টাকা ও বাংলা ব্যাকরণ ২২০ টাকা, সাগরিকা পাবলিকেশনের অষ্টম শ্রেণীর ইংরেজি ব্যাকরণ ২৬০ টাকা, বাংলা ব্যাকরণ ১৯৪ টাকা, প্রগতি প্রেস অ্যান্ড পাবলিকেশনের নবম শ্রেণীর ইংরেজি ব্যাকরণ ৩০০ টাকা ও বাংলা ব্যাকরণ ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। শিক্ষক সমিতির পাঠ্য করা নিম্নমানের এসব বই কেনার পরও শিক্ষকদের পরামর্শে শিক্ষার্থীরা অন্যান্য প্রকাশনীর ভালো মানের বইও কিনছে।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বই ব্যবসায়ী জানান, ওই সব প্রকাশনীর কাছ থেকে শিক্ষক সমিতির নেতারা টাকা নিয়ে নিম্নমানের বই পাঠ্য করেছেন। বংকী পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিল্লাল পালোয়ান বলেন, ‘শিক্ষক সমিতির পাঠ্য বইগুলো ভালো নয় বলে ছাত্রছাত্রীদের ভালো বই কেনার পরামর্শ দিয়েছি।’ জাকির হোসাইন নামের একজন অভিভাবক বলেন, সমিতির পাঠ্য করা বইগুলো নিম্নমানের হওয়ায় বাধ্য হয়ে একই বিষয়ের অন্যান্য প্রকাশনীর ব্যাকরণ বইও কিনতে হচ্ছে।উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান টাকা নিয়ে ব্যাকরণ বই পাঠ্য করার বিষয়টি অস্বীকার করে বলেন, মানসম্মত বই পাঠ্য করা হয়েছে। বিরোধীরা নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।