নিম্নমানের বীজ বেচে কৃষকের সঙ্গে প্রতারণা
সাতক্ষীরা সদর উপজেলার ৩০ জন কৃষক ধানের বীজ কিনে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে তাঁরা সোমবার উপজেলা কৃষি কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন। কৃষি কার্যালয়ের কর্মকর্তারা বিষয়টি তদন্তে মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার আখড়াখোলা, বয়ারখোলা, ভাটপাড়া, তুজলপুর ও বল্লী গ্রামের ৩০-৩৫ জন কৃষক চলতি মৌসুমে ঝাউডাঙ্গা বাজারের জনতা বীজ ভান্ডারের মালিক হুমায়ন কবিরের কাছ থেকে আউশ ধানের বীজ কিনে ওই বীজের চারা জমিতে রোপণ করেন। কিন্তু হুমায়ন নিম্নমানের ভারতীয় বীজ দেওয়ায় তাঁরা আশানুরূপ ফলন পাননি। এতে তাঁদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে । আখড়াখোলা গ্রামের কৃষক জামিলুজ্জামান জানান, তিনি হুয়ায়ন কবীরের কাছ থেকে ৩০ কেজি আউশ ধানের বীজ কিনে ছয় বিঘা জমিতে রোপণ করেন। ওই ছয় বিঘায় ধান হয়েছে মাত্র ১৫ বস্তা (প্রতি বস্তায় ৬০ কেজি)। অথচ তাঁর পাশের জমিতে বিঘাপ্রতি ধান হয়েছে ১০-১২ বস্তা। ভাটপাড়া গ্রামের মুনছুর আলী, তুজলপুর গ্রামের নজরুল ইসলামও অনুরূপ অভিযোগ করেন। তাঁরা অভিযুক্ত হুমায়ন কবিরের শাস্তির দাবি করেন । হুমায়ন কবির জানান, ওই কৃষকেরা যে বীজের কথা বলছেন তা তাঁর কাছ থেকে কেনা হয়নি। তিনি কয়েকজন কৃষককের কাছে বীজের টাকা পাবেন। ওই টাকা না দেওয়ার জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। সদর উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার রায় জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে।