নিম্নমানের বীজে কৃষকের সর্বনাশ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় তরমুজের বীজ বপন করার পর ফলন না আসায় বিপাকে পড়েছেন কৃষকেরা। এতে তাঁদের কোটি টাকার ক্ষতি হয়েছে। উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের পুটিহার ও মুরাদপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
কৃষকেরা অভিযোগ করেছেন, সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের পরিবেশক নিম্নমানের বীজ সরবরাহ করায় যথাসময়ে গাছে তরমুজ ধরেনি। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ৬৮ জন কৃষক স্থানীয় সাংসদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। একই সঙ্গে তাঁরা ওই কোম্পানির কাছ থেকেÿক্ষতিপূরণ আদায়সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
পুটিহার ও মুরাদপুর গ্রামের কৃষক আলেফ উদ্দিন, তরিকুল ইসলামসহ কয়েকজন জানান, এ বছর পুটিহার ও মুরাদপুর গ্রামের ৬৫ জন কৃষক ৬৭ একর জমিতে সিনজেনটা কোম্পানির ‘ড্রাগন’ জাতের তরমুজের বীজ বপন করেন। তাঁরা বীজগুলো ভাদুরিয়া বাজারের সিনজেনটার পরিবেশক ‘কৃষকের বন্ধু’ দোকানের মালিক তহিদুল ইসলাম প্রধানের কাছ থেকে কেনেন। প্রতি ১০০ গ্রাম বীজের জন্য তহিদুল ১ হাজার ৪০০ টাকা করে নেন।
কৃষকেরা অভিযোগ করেন, তাঁরা পৌষ মাসের প্রথম দিকে বীজ বপন করেন। নিয়ম অনুযায়ী বীজ বপনের এক থেকে দেড় মাসের মধ্যে গাছে তরমুজ ধরার কথা। কিন্তু সময়মতো তরমুজ না ধরলে বিষয়টি তাঁরা সিনজেনটার পরিবেশককে জানান। পরে সিনজেনটার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির কৃষকদের সঙ্গে দেখা করে বিভিন্ন ধরনের হরমোন ও কীটনাশক ব্যবহারের পরামর্শ দেন। এর পরও ফলন না আসায় কৃষকেরা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে গিয়ে তাঁদের সমস্যার কথা জানান।
ক্ষতিগ্রস্ত কৃষক সোহরাব হোসেন অভিযোগ করে বলেন, তিনি অন্যের তিন বিঘা জমি ১৫ হাজার টাকায় ভাড়া নিয়ে তরমুজ চাষ করেছিলেন। এখন তাঁর পথে বসার অবস্থা হয়েছে।
সিনজেনটার পরিবেশক তহিদুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ার কারণে এ সমস্যা হয়েছে। তবে বীজের কোনো সমস্যা থাকলে কোম্পানির পক্ষ থেকেÿক্ষতিপূরণ দেওয়া হবে।
যোগাযোগ করা হলে সিনজেনটার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির দাবি করেন, এখনো ফল ধরার সময় হয়নি। গাছে সময়মতো তরমুজ ধরবে।
দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক বলেন, ‘ওই কোম্পানির কাছ থেকেÿক্ষতিপূরণ আদায়সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কৃষি কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি।’
নবাবগঞ্জ কৃষি কর্মকর্তা মো. শামীম জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তিনি কৃষকদের স্বার্থরক্ষায় প্রয়োজনীয় সবকিছুই করবেন। সিনজেনটা কোম্পানির পরিবেশকের কাছে ঘটনার ব্যাখ্যা চেয়ে গত বুধবার চিঠি পাঠানো হয়েছে।