নিম্নমানের সবজিবীজে সয়লাব চলনবিলের হাটবাজার
নাটোরের গুরুদাসপুর উপজেলার বাহাদুরপাড়া গ্রামের আদর্শ কৃষক আবদুস সাত্তার প্রতিবছরই প্রায় ১৫ বিঘা জমিতে শীতকালীন সবজির আবাদ করেন। কিন্তু এবার বাজার থেকে যে বীজ কিনেছেন তা থেকে চারা গজায়নি। চলনবিল এলাকায় তাঁর মতো শত শত কৃষক ভেজাল ও নিম্নমানের বীজ কিনে প্রতারিত হচ্ছেন।কৃষি বিভাগ সূত্র জানায়, নাটোরের গুরুদাসপুর, বড়াইগ্রাম ও সদর উপজেলায় সাড়ে সাত হাজার হেক্টর জমিতে বিভিন্ন সবজির আবাদ হয়। এ বছর অতিবৃষ্টির কারণে সবজি আবাদের ক্ষতি হয়। ক্ষতি পুষিয়ে নিতে কৃষক তৎপর হয়ে উঠলেও ভেজাল ও নিম্নমানের বীজ বেকায়দায় ফেলেছে কৃষকদের।গুরুদাসপুরের চাঁচকৈড়, কাছিকাটা, নাজিরপুর, বড়াইগ্রামের লক্ষ্মীকোল ও বনপাড়া হাটবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, নিম্নমানের সবজির বীজে ছেয়ে গেছে বিভিন্ন হাটবাজার। নামকরা কোম্পানির বীজ ছাড়াও বিভিন্ন নামে খোলা ও প্যাকেটজাত বীজ দোকানগুলোতে রাখা হয়েছে। এসব হাটবাজারের দোকান ছাড়াও ফুটপাতের দোকানে সবজির বীজ বিক্রি হচ্ছে। বাজারে রুপালি, চ্যালেঞ্জার ও মাটবেল ৩৩ জাতের ১০ গ্রাম ফুলকপির বীজের একটি প্যাকেট বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫৫০ টাকা, লাউ কেএস-৪৫ গ্রামের প্রতি প্যাকেট বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা। শিমের বীজ প্রতিকেজি ৩০০ টাকা, পালংশাকের বীজ ১৭০ টাকা, মুলা ৩০০ টাকা, লালশাকের বীজ ২৬০ থেকে ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।সিরাজগঞ্জের তাড়াশের সগুনা ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের কৃষক মন্টু সরদার, হেমনগর গ্রামের বাবলু ও শফিকুল ইসলাম জানান, তাঁরা মাস খানেক আগে ফুটপাতের দোকান থেকে কিনে পালংশাক, টমেটো, বাঁধাকপির বীজ বপন করলেও বীজ থেকে চারা গজায়নি। স্থানীয় বীজব্যবসায়ী আবুল কালাম আজাদ ও মোহাম্মদ আলী বলেন, অতিবৃষ্টির কারণে এবার সবজির বীজ অপেক্ষাকৃত কম বিক্রি হচ্ছে। তাঁরা ভেজাল ও নিম্নমানের কোনো বীজ বিক্রি করেন না বলে দাবি করেন।কৃষি সমপ্রসারণ অধিদপ্তর, নাটোরের উপপরিচালক নারায়ণচন্দ্র বসাক বলেন, ভেজাল ও নিম্নমানের বীজ কিনে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে বিচ্ছিন্নভাবে শুনেছি। তবে লিখিতভাবে কেউ আমাকে জানাননি। তারপরও বাজার তদারকির জন্য উপজেলা কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।