নিম্নমানের সামগ্রী দিয়ে তড়িঘড়ি সড়ক সংস্কার!
কর্তৃপক্ষের অগোচরে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তড়িঘড়ি সড়ক সংস্কারের কাজ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ থেকে উজানচর জিসি ফকিরপাড়া পর্যন্ত ১১৫০ মিটার সড়কের উন্নয়নকাজে এ অনিয়ম হয়েছে বলে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে গত বছর ২৭ এপ্রিল রাজবাড়ীর এলজিইডি কার্যালয় থেকে এই কাজের দরপত্র আহ্বান করা হয়। স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাথী এন্টারপ্রাইজের অনুকূলে ১৪ জুন কার্যাদেশ দেওয়া হয়। ৩৪ লাখ পাঁচ হাজার ১৮৭ টাকা চুক্তির ভিত্তিতে এ বছর ১ জানুয়ারি থেকে ৩০ মার্চের (৯০ দিন) মধ্যে সড়কে মাটি ফেলে ইট বিছানো ও সংস্কারকাজ করার কথা। কিন্তু ২৩ মার্চ পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মাত্র ৩০ শতাংশ কাজ করে বন্ধ রাখে এবং ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর ব্যাপারে কর্তৃপক্ষের কাছে আবেদন করে। এতে উপজেলা প্রকৌশলীও সুপারিশ করেন। জুলাই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত বন্ধ থাকার পর সাংবাদিকেরা সরেজমিন ঘুরে এলে তড়িঘড়ি করে ঠিকাদার চার-পাঁচ দিনের মধ্যে রাস্তায় বালু ও ইট বিছানোর কাজ প্রায় শেষ করে ফেলেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, ‘রাস্তার কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় জনসাধারণের চলাচলের সমস্যার কথা ভেবে দ্রুত কাজ করতে ঠিকাদারকে অনুরোধ করি। কিন্তু এর মধ্যে রাস্তার কাজ যে শেষ হয়ে গেছে তা আমি জানিই না।’মেসার্স সাথী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মিলন হোসেন বলেন, ‘কাজটি আমি রাজবাড়ীর ঠিকাদার মীর কোহিনুরের কাছে বিক্রি করে দিয়েছি, এখন তিনিই করছেন।’ মীর কোহিনুর দাবি করেন, দরপত্রের সঙ্গে বর্তমান বাজারমূল্য ব্যাপক পার্থক্য থাকায় কিছুদিন বন্ধ রাখা হয়েছিল। পরবর্তী সময়ে ইটের ব্যবস্থা হয়ে যাওয়ায় গোয়ালন্দ এলজিইডি অফিসকে জানিয়েই কয়েক দিনের মধ্যে দ্রুত কাজ শেষ করা হয়। ভালো নির্মাণসামগ্রী দিয়েই কাজ শেষ করা হয়েছে। এলজিইডির উপসহকারী প্রকৌশলী প্রবীর কুমার দত্ত সম্প্রতি আলাপকালে জানান, ‘১৪৫০ মিটারে কাজের মধ্যে এই ঠিকাদারি প্রতিষ্ঠানের ১১৫০ মিটার কাজ করার কথা। কিন্তু গত ২৩ মার্চ পর্যন্ত মাত্র ৩০ শতাংশ কাজ করার পর ঠিকাদার কাজ বন্ধ রাখেন। পরবর্তী সময়ে কাজ শুরুই হলো কবে, আবার শেষও হয়ে গেল কবে, এ সম্পর্কে আমার কিছুই জানা নেই।’উপজেলা প্রকৌশলী মো. শামসুল হক মোল্যা বলেন, ‘সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর ব্যাপারে আবেদন করেছিল বলে জানি। কিন্তু এর মধ্যে কাজ প্রায় শেষ করে ফেলেছে জানার পর ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা মেলে। কাজের মান নিয়ে প্রশ্ন ওঠায় নির্বাহী প্রকৌশলীকে তদন্ত করে প্রতিবেদন দিতে ঢাকা থেকে একটি পত্র এসেছে বলে শুনেছি।’