নিম্নমানের সামগ্রী দিয়ে শহররক্ষা বাঁধের ব্লক তৈরির অভিযোগ
রাজবাড়ী শহর রক্ষা বাঁধের গোয়ালন্দ উপজেলার টেংরাপাড়া অংশে নিম্নমানের সামগ্রী দিয়ে ব্লক তৈরির অভিযোগ উঠেছে।স্থানীয় মোখলেছুর রহমান বলেন, ‘নিম্নমানের সামগ্রী দিয়ে ব্লক তৈরি করায় কিছুদিন আগে কাজ বন্ধ রাখার জন্য আমরা বিক্ষোভ করেছিলাম।’সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজবাড়ী শহর রক্ষা বাঁধের গোয়ালন্দের ছোটভাকলা ইউনিয়নের টেংরাপাড়া অংশে ভাঙন রোধে প্রায় দুই কোটি সাত লাখ টাকার ব্লক তৈরির কাজ চলছে। মেসার্স সুলতান আহমেদের লাইসেন্সে রাজবাড়ীর ঠিকাদার বাপ্পী হাসান এ কাজ করছেন। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে ব্লক তৈরির কাজ শেষ করার কথা রয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, ব্লক তৈরিতে যে ধরনের পাথর, বালু ও সিমেন্ট ব্যবহারের কথা রয়েছে, তা মানা হচ্ছে না। ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য সিরাজ উদ্দিন খান বলেন, ‘কোটি কোটি টাকা খরচ করে ওইখানে কাজ করার পক্ষে আমরা নই। অথচ পাশেই মাত্র কয়েক শ মিটারের একটি রাস্তা তৈরি করে দিলে একদিকে কৃষক জমিতে আবাদ করতে পারত, পাশাপাশি বাঁধও ভাঙার কোনো আশঙ্কা ছিল না।’গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, ১৫-১৬ জন শ্রমিক ব্লক তৈরি করছেন। একটু দূরে গাছতলায় চেয়ারে বসে আছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ওয়ার্ক অ্যাসিসটেন্ট (কার্য সহকারী) মিজানুর রহমান। পাশে মিকসচার মেশিনে পাথর মিশিয়ে ব্লক তৈরি করা হচ্ছে। মাঠে ব্লকগুলোয় এল-১, সিরিয়াল নম্বরসহ ৮-৬-১১ তারিখ লিখে দেওয়া হচ্ছে। একাধিক শ্রমিক বলেন, ব্লকগুলো গত জুন মাসে তৈরির কথা ছিল। কিন্তু শেষ করতে না পারায় ওই মাসের তারিখ বসানো হচ্ছে।মিজানুর রহমান বলেন, ‘এবার কিছুটা নিম্নমানের পাথর এসেছে। তাই পানি দিয়ে ওয়াশ করে ময়লা বের করে দিচ্ছি। বালু যা আছে, তাতে চলে। এ ছাড়া বাকি সব ঠিক আছে।’গত সোমবার বাপ্পী হাসান মুঠোফোনে বলেন, ‘বর্তমানে ঠিকমতো পাথর পাচ্ছি না। এ ছাড়া সিলিকন বালু পাওয়া গেলেও স্থানীয় মোটা বালু পেতে সমস্যা হচ্ছে। এরপর আমাদের অনেক টাকার বিল আটকে থাকায় কাজ কিছুটা মন্থর গতিতে এগোচ্ছে। কিন্তু নিম্নমানের কাজের ব্যাপারে এলাকাবাসীর ক্ষোভ প্রকাশের কথা সত্য নয়। বরং চাঁদাবাজদের ফোন ও এলাকার যুবকদের দাবি-দাওয়া ঠিকমতো পূরণ করতে না পারায় তাঁরা নানা মন্তব্য করছেন। এর পরও আমরা ১৮-২০ লাখ টাকার মতো লোকসান মাথায় নিয়ে কাজ করে যাচ্ছি।’পাউবো রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, কাজের মান নিয়ে কোনো সমস্যা নেই। সাধ্য অনুযায়ী একজন উপসহকারী প্রকৌশলীর তদারকিতে কাজ চলছে। এ ছাড়া ব্লক তৈরির পর পাউবোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটি দল পরীক্ষা শেষে ছাড়পত্র দিলেই তা দিয়ে কাজ করা হয়। তাই এ নিয়ে চিন্তার কোনো অবকাশ নেই।