নাটোরের লালপুর উপজেলার লালপুর-কুলপাড়া-গোবরপুর সড়কের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। প্রকল্প পরিচালক গত ৯ অক্টোবর সরেজমিনে ঘুরে সত্যতা পেয়েছেন। তিনি নিম্নমানের সামগ্রী ব্যবহার না করে সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।এলজিইডির প্রকল্প পরিচালক গোলাম কিবরিয়া জানান, রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। দরপত্র অনুযায়ী কাজ করা হয়নি।স্থানীয় প্রকৌশল বিভাগ ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার লালপুর-কুলপাড়া-গোবরপুর দুই কিলোমিটার সড়কের কাজ পান স্থানীয় ঠিকাদার জাবুল হোসেন। ৮৪ লাখ টাকা ব্যয়ে ১২ ফুট চওড়া ও ২০ ইঞ্চি গর্ত করে পাকা রাস্তা করার কথা। কিন্তু ঠিকাদার রাস্তায় পাওয়ার টিলার (চাষের যন্ত্র) দিয়ে কোনো রকম চাষ দিয়ে এর ওপর নিম্নমানের ইটের খোয়া ও পিকেট ইট ফেলে চাপ দিয়ে মসৃণ করেন। রাস্তার দুই পাশে প্রয়োজনীয় মাটিও দেননি।সরেজমিনে দেখা যায়, রাস্তায় ২০ ইঞ্চি গভীরতার স্থলে মাত্র চার থেকে ছয় ইঞ্চি খোয়া ফেলে কার্পেটিংয়ের প্রস্তুতি নেন। নিম্নমানের কাজ করায় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে রোববার (৯ অক্টোবর) এলজিইডি বিভাগের প্রকল্প পরিচালক গোলাম কিবরিয়া রাস্তার কাজ পরিদর্শনে এসে অভিযোগের সত্যতা পান। তিনি নিম্নমানের সামগ্রী ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। সেই সঙ্গে কাজের তদারকির জন্য উপজেলা প্রকৌশলী আবদুর রহিমকে দায়িত্ব দেন।তদন্তকালে উপস্থিত স্থানীয় মসলেম উদ্দিন, আমিনুল ইসলাম, ইউনুস আলী জানান, ঠিকাদার নিম্নমানের সামগ্রী দিয়ে ও ঠিকমতো কাজ না করায় কর্তৃপক্ষের কাছে তাঁরা অভিযোগ করেন। অভিযোগ করায় ওই ঠিকাদার তাঁদের নামে চাঁদাবাজির মামলা করবেন বলে হুমকি দিয়েছেন।ঠিকাদার জাবুল ইসলাম নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং সুষ্ঠুভাবে কাজ না করার কথা স্বীকার করে বলেন, ত্রুটির কারণে কাজ বন্ধ রয়েছে। যেসব ত্রুটি ধরা পড়েছে, তা সংশোধন করে সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করা হবে। অভিযোগকারীদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করার হুমকি দেওয়ার কথা অস্বীকার করে তিনি বলেন, কিছু সন্ত্রাসী রাস্তার কাজে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা থানায় অভিযোগ করেছে।উপজেলা প্রকৌশলী আবদুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করার জন্য তাঁকে তদারকের নির্দেশ দেওয়া হয়েছে।