
বরিশালে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মীয়মাণ সড়ক ও নর্দমায় নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর প্রতিবাদের মুখে নির্মাণকাজ বন্ধ করতে বাধ্য হয়েছে সিটি করপোরেশন।
অভিযোগ উঠেছে, মেয়রের ঘনিষ্ঠ ঠিকাদার হওয়ায় যেমন খুশি তেমনভাবে কাজ করছেন।
এলাকাবাসীর প্রতিবাদের মুখে গতকাল মঙ্গলবার বেলা তিনটায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ বন্ধ করার নির্দেশ দেন। একই সঙ্গে নিম্নমানের সামগ্রী সরিয়ে ফেলারও নির্দেশ দেন।
বরিশাল সিটি করপোরেশন থেকে জানা যায়, নগরের ২ নম্বর রোডের জানকিসিংহ সড়ক সংস্কার, প্রশস্তকরণ এবং নর্দমা নির্মাণের জন্য পাঁচ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। নির্মাতা প্রতিষ্ঠান মেসার্স নুসরাত বিল্ডার্স ওই কাজের ঠিকাদার।
২ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ শুরু থেকেই নিম্নমানের ইট, রড, বালু, সিমেন্ট ব্যবহার করে কাজ করছিলেন ঠিকাদার। তাঁরা নতুন ইট না কিনে সড়ক থেকে ওঠানো পুরোনো ইট দিয়ে কাজ করতে থাকেন। ভালোভাবে কাজ করার জন্য অনুরোধ করলেও তাঁরা শোনেননি। পরে কাউন্সিলরের কাছে জানিয়ে একযোগে এলাকাবাসী প্রতিবাদ জানান।
এলাকার বাসিন্দা সানু বেগম অভিযোগ করে বলেন, চুলার মাটির মতো ইট দিয়ে সড়ক ও নর্দমার কাজ করছিল। তা ছাড়া খোয়া ও ইট না ধুয়ে ময়লাসহ ঢালাই দিচ্ছে। কাজে বাধা দিলে উল্টো হুমকি-ধমকি দিচ্ছেন ঠিকাদারের প্রতিনিধি।
জুম্মন খান জানান, জানকিসিংহ রোডসহ এই ওয়ার্ডের সব কাজেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। প্রথম দিকে বাধা দিলেও কর্ণপাত করেনি। এলাকাবাসীর তীব্র প্রতিবাদের মুখে প্রকৌশলী এসে কাজ বন্ধ করে দিয়েছেন।
২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ কে এম মুরতজা আবেদীন বলেন, সিটি করপোরেশন চাইলে কেউ খারাপ কাজ করতে পারে। কর্তৃপক্ষের কারণেই নিম্নমানের কাজ হচ্ছে। এলাকাবাসী কাজ বন্ধ করার দাবি জানালেও প্রথমে কর্তৃপক্ষ গড়িমসি শুরু করে। বিষয়টি মেয়রকে মুঠোফোনে জানালেও তিনি প্রথম কর্ণপাত করেননি। তীব্র প্রতিবাদের মুখে প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীদের পাঠান। তাঁরা এসে কাজ বন্ধ করে দেন।
বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান বলেন, কাউনিয়া ২ নম্বর ওয়ার্ডের একটি নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছিল। এলাকাবাসী অভিযোগ করলে সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পরে নির্মাতা প্রতিষ্ঠানকে নিম্নমানের সামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি স্বপন কুমার কর বলেন, নিম্নমানের কাজ হচ্ছে না। সিটি করপোরেশনের প্রকৌশলীরা এসে ইটের খোয়াগুলো পরিবর্তন করতে বলেছেন। আমরা ওগুলো সরিয়ে ফেলব।