নিম্নমানের সার বস্তায় ভরে বেশি দামে বিক্রি
চীন থেকে আমদানি করা সারের ছেঁড়া বস্তা পাল্টিয়ে দিনাজপুরের পার্বতীপুরে কাফকোর (কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি) বস্তায় ভরে বেশি দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। কাফকোর সার ভেবে বেশি দাম দিয়ে এসব ইউরিয়া কিনে প্রতারণা ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন কৃষকেরা। ডিলারদের সঙ্গে যোগসাজশে পার্বতীপুর বাফার গুদাম কর্তৃপক্ষ এ কাজ করছে বলে জানা গেছে।খবর পেয়ে গত বুধববার বিকেলে পার্বতীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি কর্মকর্তা গুদামে যান। এ সময় তাঁরা ১০-১২ জন শ্রমিককে নিম্নমানের জমাট বাঁধা ইউরিয়া গুঁড়া করে নতুন বস্তায় ভরতে দেখেন।গুদাম কর্তৃপক্ষ জানায়, প্রতিবছর বিদেশ থেকে আমদানি করা ইউরিয়া কখনো আমদানিকারকের গুদামে, কখনো সরকারি গুদামে বা খোলা আকাশের নিচে পড়ে থাকে। ঝড়বৃষ্টিতে বস্তা জমাট বেঁধে ফেটে যায়। সারের সঙ্গে মিশে যায় ধুলাবালু। এসব সার ডিলাররা কিনতে চান না। ১০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার পার্বতীপুর বাফার গুদামে মজুত এসব সার উত্তরাঞ্চলের দিনাজপুর ও নীলফামারী জেলার আটটি উপজেলায় ৯৭ জন ডিলারের মাধ্যমে বোরো ও আমন মৌসুমে কৃষকদের কাছে পৌঁছায়।পার্বতীপুর বাফার গুদামের ইনচার্জ শাহজাহান দাবি করেন, কোনো ডিলারদের সঙ্গে যোগসাজশ নয়, বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসির) প্রচলিত নিয়ম অনুযায়ী ছেঁড়া-ফাটা বস্তা পাল্টানো হয়।উপজেলার কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ মো. রওশন কবীর বলেন, খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভেজা ইউরিয়া গলে গিয়ে ও বাতাসের সংস্পর্শে জমাট বেঁধে গেলে নাইট্রোজেনের পরিমাণ কমে যাওয়ার আশঙ্কা থাকে।ইউএনও রাহেনুল ইসলাম বলেন, বাফার গুদাম কর্মকর্তাকে ধুলা-ময়দা মেশানো সার কাফকোর ব্যাগে ভরানোর কাজ বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে।