নিম্নাঞ্চল পানির নিচে, ফসলের ব্যাপক ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টির তীব্রতা কমে যাওয়ায় খাগড়াছড়ির চেঙ্গী নদীর পানি কমতে শুরু করেছে। তবে এখনো অনেক নিম্নাঞ্চল পানি নিচে রয়েছে।
গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, খাগড়াছড়ি পৌর এলাকার কালাডেবা, রাজ্যমুনি পাড়া, ফুটবিল, মুসলিম পাড়া, শান্তিনগর, বাঙ্গালকাঠি, খবংপুড়িয়া এবং গোলাবাড়ি ইউনিয়নের গঞ্জপাড়া এলাকায় পানি কিছুটা কমেছে। এসব এলাকায় বন্যার পানিতে বসতভিটা, বাড়ির আশপাশে সবজির খেত ডুবে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। এখনো আউশ ও আমন ধানের অনেক জমি পানির নিচে রয়েছে।
কালাডেবা গ্রামের বাসিন্দা আনেয়ং মারমা (৪৬) বন্যায় পানিতে তলিয়ে যাওয়া কাঁচা ঘর মেরামত করছিলেন। তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার সকালে চেঙ্গী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে হয়েছে। আজ (শুক্রবার) সকালে আবার ফিরে এসেছি। গ্রামের ৬২ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।’
বটতলী পাড়ার বাসিন্দা আবেংশে মারমা (৫৬) জানান, প্রায় সোয়া একর জমিতে তিন দিন আগে তাঁরা আমন ধানের চারা রোপণ করেছেন। চারা রোপণ করতে প্রায় ১৩ হাজার টাকা খরচ হয়েছে। এখন সেই জমিটি পানির নিচে। এ কারণে চারা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
কমলছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুপন চাকমা জানান, বন্যায় কমলছড়ি ইউনিয়নের ব্যাপক এলাকা তলিয়ে গেছে। বিশেষত ইউনিয়নের ৭ ও ৯ নম্বর ওয়ার্ড দুদিন ধরে পানির নিচে রয়েছে। আউশ ধানের এখন থোড় বের হওয়ার সময়। বন্যায় ডুবে যাওয়া সব ধান নষ্ট হয়ে যাবে। এ ছাড়া আমন ধানের বীজতলা, লাগানো চারা, সবজির খেত পানিতে তলিয়ে গেছে। ইউনিয়নের ১৭টি ঘর ডুবে গেছে বলে তিনি জানান।
খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম জানান, পৌরসভার পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য তাৎক্ষণিক ত্রাণ হিসেবে চাল, ডাল, স্যালাইন, দেশলাই দেওয়া হচ্ছে। পরে বন্যার ক্ষতি নিরূপণ করা হবে।